বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশ। দ্রুত মুক্তি নিশ্চিত করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন বোর্ডের নেতারা।
শুক্রবার (২০ নভেম্বর) মাওলানা রেজাউল হকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি উত্থাপন করা হয়।
বিজ্ঞপ্তিতে নেতারা মুফতি রুহুল আমিনকে একজন আল্লাহভীরু ও নিষ্ঠাবান আলেম হিসেবে উল্লেখ করেন। তাদের অভিযোগ, তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকারের ধর্মীয় বিদ্বেষের বহিঃপ্রকাশ ঘটেছে। একই সঙ্গে ইসলামবিরোধী শক্তির ফাঁদে পা দিয়ে সরকার ধর্মীয় অঙ্গনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও দাবি করেন তারা
।বিবৃতিতে আরও বলা হয়, অতীতেও আলেম-উলামাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো সরকার সফলতা অর্জন করতে পারেনি। বর্তমান সরকারও এ ক্ষেত্রে সফল হবে না। ধর্মীয় অঙ্গনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই লাখ লাখ আলেম-উলামার উস্তাদ আল্লামা মুফতি রুহুল আমিনকে দ্রুত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা। এ ধরনের পরিস্থিতির দায়ভার সরকারকেই বহন করতে হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে বোর্ডের সভাপতি, দেশের বিভিন্ন পর্যায়ের আলেম এবং গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিমসহ কওমি মাদরাসার নেতাদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
বিবৃতিদাতা আলেমরা হলেন—মাওলানা নূরুল হক, মাওলানা কবিরুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুল্লাহ, মুফতি নূরুল ইসলাম, মুফতি মুঈন উদ্দীন, মুফতি সাখাওয়াতুল্লাহ, মাওলানা শেখ আব্দুল্লাহ, মাওলানা রেজাউল হক, মুফতি মোহাম্মাদ তাসনীম, মুফতি উসামা আমিন, মাওলানা অজিহুর রহমান, মাওলানা আব্দুস সালাম, মাওলানা হাফিজুর রহমান, মুফতি রেজাউল ইসলাম, মাওলানা হায়াত আলী, মাওলানা আশেকুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, হা. আবুল হাসানাত, মাওলানা নাসির উদ্দীন, মাওলানা ঝিনাত আলী, মাওলানা এনায়েতুল্লাহ, মাওলানা তলহা, মুফতি মোস্তফা কসেম, মাওলানা মিঝানুর রহমান, মাওলানা ওলি উল্লাহ, মুফতি মুঈনুল ইসলাম, মাওলানা ফখরুল ইসলাম, মুফতি ওয়াহিদুল আলম, মাওলানা ফখরুল আলম, মাওলানা জামাল উদ্দীন, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা নিজামুদ্দীন, মাওলানা মিরাজুল হক, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আ. ছবুর, মাওলানা হাশমাতুল্লাহ, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা বশির আহমাদ ও মাওলানা মাকসুদুল হক সাহেব।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক করা হয়। পরে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।