আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত প্রতিরোধ ও অভিযানের ঐতিহাসিক স্মৃতিকে ধারণ করে প্রতিবছর দিনটি পালন করা হয়। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের তিন বাহিনী সমন্বিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে এবারও দেশজুড়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে শনিবার বিকেল ৪টায় বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, প্রধান বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং বিদেশি দূতাবাসের কূটনীতিকরা অংশ নেবেন। এ ছাড়া বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীরাও উপস্থিত থাকবেন।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে র্যালির আয়োজন করবে ক্ষমতাসীন দল বিএনপি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। ফজরের নামাজের পর অনুষ্ঠিতব্য এ মোনাজাতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নতি ও অগ্রগতি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হবে
।সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন প্রধানমন্ত্রী। পরবর্তী সময়ে তিন বাহিনীর প্রধান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
দিবসের আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তাঁদের শুভেচ্ছা স্মারক প্রদান ও শুভেচ্ছা বিনিময় করা হবে
।এ আয়োজনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ সামরিক ও বেসামরিক পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
ঢাকার বাইরেও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস এবং সংশ্লিষ্ট ঘাঁটিতে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান ও সংবর্ধনা।
এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজগুলো সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে। বেলা ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত এসব জাহাজ নিকটস্থ ঘাটে নোঙর করে রাখা হবে। এ সময় সর্বসাধারণ জাহাজগুলো পরিদর্শনের সুযোগ পাবেন।