কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় এক দিনমজুরের বাড়িতে তিন মাসে বিদ্যুৎ বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। একটি বাতি, একটি ফ্যান ও ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়ার বাইরে তেমন কোনো বিদ্যুৎ ব্যবহার করেন না তিনি। অথচ প্রতি মাসে কয়েকশ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের হিসাব দেখানো হয়েছে বিলে। অস্বাভাবিক এই বিল নিয়ে বিপাকে পড়েছে ছয় সদস্যের পরিবারটি।
ভুক্তভোগী মোঃ ইউনুস আলী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত আফতাব আলী। তার বিদ্যুৎ মিটারের হিসাব নম্বর ১০৫০০৮৫৪৯৪০৮৪।
বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ৪৬৫ ইউনিটের বিপরীতে বিল এসেছে ২৩ হাজার ২৭ টাকা। অক্টোবরে ৪২৯ ইউনিটের জন্য ৯ হাজার ১৬০ টাকা এবং নভেম্বরে ৫০৪ ইউনিটের বিপরীতে বিল করা হয়েছে ১৭ হাজার ৮৪৩ টাকা। তিন মাসে মোট এক হাজার ৩৯৮ ইউনিটের বিপরীতে বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা।
ইউনুস আলী দিনমজুরের কাজ করে সংসার চালান। তার সম্বল বলতে আড়াই শতক ভিটেমাটি। সেখানে পরিবারের ছয় সদস্য নিয়ে বসবাস করেন।
তার দাবি, বাড়িতে একটি বাতি ও একটি ফ্যান ব্যবহার করেন। পাশাপাশি ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেন। এর বাইরে তেমন কোনো বিদ্যুৎ ব্যবহার নেই তার। এই অবস্থায় তিন মাসের ৫০ হাজার টাকার বিল কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
মোঃ ইউনুস আলী বলেন, এত টাকা বিল দেখে আমি কয়েকবার বিদ্যুৎ অফিসে গেছি। কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। কিন্তু কোনো সমাধান পাইনি। এখন এত টাকা বিল কীভাবে দেব, বুঝতে পারছি না।
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার মোঃ আসাদুজ্জামান মিয়া বলেন, কোনো গ্রাহকের মিটারে সমস্যা থাকলে তাকে অফিসে এসে অভিযোগ করতে হবে। অভিযোগ পেলে মিটার পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তারা প্রতি মাসে ৫০ থেকে ১০০টি মিটার পরীক্ষা করেন।
৫০ হাজার টাকার বিল পরিশোধ করতে হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, বিল সঠিক হলে পরিশোধ করতে হবে। তবে কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে।