সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণে বন বিভাগের বৈধ অনুমতিপত্র থাকলেও নিরাপদে জীবিকা নির্বাহ করতে পারছেন না জেলেরা। অভিযোগ উঠেছে, বনে প্রবেশের পর বনদস্যুদের কাছ থেকেও কথিত টোকেন বা বিশেষ কার্ড সংগ্রহ করতে হচ্ছে তাঁদের। নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে অস্বীকৃতি জানালে অপহরণ, নির্যাতন, নৌকা আটকে রাখা ও পরিবারের কাছে মুক্তিপণ দাবির ভয় দেখানো হচ্ছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় বনে যাওয়া কমিয়ে দিয়েছেন অনেক বনজীবী।
খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের সুন্দরবনসংলগ্ন বিভিন্ন এলাকায় বনদস্যুদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও মুক্তিপণ আদায়ের অভিযোগ ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। মাছ ধরার ট্রলারসহ জেলেদের তুলে নেওয়া এবং কাঁকড়া আহরণ করতে গিয়ে বনজীবীদের জিম্মি করার ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে। ফলে সরকারি অনুমতিপত্র থাকা সত্ত্বেও অনেকে বনে প্রবেশ করতে সাহস পাচ্ছেন না।
র প্রভাব পড়ছে বনজীবীদের জীবিকা ও বন বিভাগের রাজস্ব আদায়ে। বন বিভাগের বিভিন্ন স্টেশনের অনুমতির হিসাব এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই বছর আগের তুলনায় মাছ, কাঁকড়া ও মধু আহরণের জন্য বনে প্রবেশের অনুমতি নেওয়া জেলের সংখ্যা প্রায় এক-তৃতীয়াংশ কমেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বন বিভাগের একজন কর্মকর্তা বলেন, দস্যুতা ও চাঁদাবাজির কারণে বনে প্রবেশ কমেছে। এতে রাজস্ব আদায়েও প্রভাব পড়ছে
।শরণখোলা-চাঁদপাইয়ে অপহরণের ধারাবাহিক অভিযোগ
পূর্ব সুন্দরবনের বাগেরহাট অংশে সাম্প্রতিক কয়েকটি অপহরণের ঘটনায় জেলেদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। গত ২২ আগস্ট রাতে শরণখোলা রেঞ্জের শ্যালার চর ও নারকেলবাড়িয়া এলাকায় বৈরী আবহাওয়ার কারণে আশ্রয় নেওয়া জেলেদের নৌবহরে হামলা চালানোর অভিযোগ ওঠে বনদস্যুদের বিরুদ্ধে। এ সময় পাঁচ জেলেকে অপহরণ করা হয়। তাঁদের কয়েকজনকে মাছ ধরার ট্রলারসহ তুলে নেওয়া হয়। ঘটনায় বড় জাহাঙ্গীর বাহিনীর নাম উঠে আসে।
ঘটনার পর পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানিয়েছিলেন, অপহরণের খবর পেয়ে কোস্টগার্ড পশ্চিম জোনকে অবহিত করা হয়েছে এবং যৌথ টহল জোরদার করা হয়েছে।
এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের নারকেলবাড়িয়া, আমবাড়িয়া, ভদ্রা ও ভাঙ্গা এলাকায় পৃথক হামলায় ২১ জেলেকে অপহরণের খবর পাওয়া যায়। তাঁদের মধ্যে কয়েকজনের সন্ধান না মেলায় স্বজন ও মহাজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। দস্যুরা মাছ ধরার ট্রলার ও মুঠোফোন নিয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে। উদ্ধার তৎপরতায় ড্রোন ব্যবহারের কথা জানায় কোস্টগার্ড।
চাঁদপাই রেঞ্জের জিউধারা ও ধানসাগর স্টেশনের বেড়ির খাল এবং হরমল খাল এলাকায় কাঁকড়া শিকার করতে যাওয়া জেলেদের ওপর হামলা ও অপহরণের অভিযোগও রয়েছে। শরণখোলার সাগরসংলগ্ন চর থেকে চাঁদপাইয়ের অভ্যন্তরীণ খাল পর্যন্ত বিভিন্ন এলাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বনজীবীরা।
দুবলার চর ও আলোরকোলের মতো মাছ আহরণ এবং শুঁটকি প্রক্রিয়াজাতকরণের গুরুত্বপূর্ণ এলাকাতেও দস্যু আতঙ্কের প্রভাব পড়েছে। জেলেদের অভিযোগ, বনে কাজ করতে গেলে একাধিক পক্ষকে টাকা দেওয়ার চাপ তৈরি হয়। এতে মাছ ধরার মৌসুমে আয় করার পরিবর্তে ঋণ ও অনিশ্চয়তার মুখে পড়ছেন তাঁরা।
পশ্চিম সুন্দরবনে টোকেনের নামে চাঁদাবাজির অভিযোগ
খুলনা ও সাতক্ষীরা অংশের কয়রা, পাইকগাছা, শ্যামনগরসহ বনসংলগ্ন বিভিন্ন এলাকার জেলেদের অভিযোগ, বন বিভাগের বৈধ অনুমতিপত্র বা বিএলসি থাকার পরও কোথাও কোথাও দস্যুদের কাছ থেকে টোকেন সংগ্রহের চাপ দেওয়া হচ্ছে।
একাধিক বাহিনীকে আলাদাভাবে টাকা দিতে হলে একটি নৌকার ব্যয় কয়েক গুণ বেড়ে যায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে অপহরণ, নির্যাতন কিংবা নৌকা আটকে রাখার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন জেলেরা।
২০২৬ সালের ১ সেপ্টেম্বর বনজীবীদের জন্য সুন্দরবন উন্মুক্ত হওয়ার পরও পরিস্থিতির উন্নতি হয়নি বলে অভিযোগ তাঁদের। কয়েকটি দস্যু বাহিনীকে টাকা না দিলে বনে প্রবেশ ও মাছ ধরার কাজে বাধা দেওয়া হয়। একটি নৌকাকে একাধিক বাহিনীর কাছ থেকে টোকেন সংগ্রহ করতে হলে ৭৫ হাজার থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত দিতে হতে পারে বলে অভিযোগ রয়েছে।
নভেম্বরের শুরুতেও পশ্চিম সুন্দরবনের বিভিন্ন এলাকায় অপহরণের ঘটনা ঘটে। ৪ নভেম্বর রাতে ফুলতলা খাল এলাকা থেকে পাঁচ জেলেকে অপহরণের অভিযোগ পাওয়া যায়। পরদিন দুই দস্যু দলের মধ্যে গোলাগুলির সুযোগে দুজন পালিয়ে আসেন। বাকি তিনজন নিখোঁজ ছিলেন। অপহৃতদের নৌকাপ্রতি ৭০ হাজার টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ ওঠে। সাতক্ষীরা রেঞ্জে জেলে অপহরণের ঘটনায় পরিবারগুলোর কাছে জনপ্রতি এক লাখ টাকা দাবি করার অভিযোগও পাওয়া যায়।
এসব ঘটনায় বন বিভাগ ও কোস্টগার্ডের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা চালানোর কথা জানানো হয়েছে। তবে ধারাবাহিক অপহরণের ঘটনায় জেলেদের নিরাপত্তাহীনতা কাটছে না।
জীবিকার তাগিদে বনে যান, ফিরতে চান নিরাপদে
সুন্দরবনের ওপর নির্ভরশীল হাজারো পরিবারের জীবিকার প্রধান উৎস মাছ, কাঁকড়া ও মধু আহরণ। কিন্তু বনদস্যুদের তৎপরতায় সেই জীবিকাই এখন ঝুঁকির মুখে। জেলেদের পাশাপাশি মধু সংগ্রহকারী মৌয়ালরাও আতঙ্কের মধ্যে রয়েছেন।
সাগরপাড়ের এক জেলে বলেন, “সুন্দরবন আমাদের কাছে শুধু বন নয়, এটাই আমাদের বেঁচে থাকার অবলম্বন। বছরের পর বছর মাছ ও কাঁকড়া ধরে সংসার চালিয়েছি। এখন দস্যুদের ভয়ে অনেক সময় বনে যাওয়ার সিদ্ধান্ত থেকেও পিছিয়ে আসতে হয়। নৌকা, জাল, খাবার ও রসদের জন্য আগেই টাকা খরচ করতে হয়। বনে গিয়ে যদি দস্যুদের টাকা দিতে হয়, কিংবা অপহরণের শিকার হতে হয়, তাহলে আমাদের লাভ তো দূরের কথা, ঋণের বোঝাই বাড়ে। আমরা সরকারের কাছে নিরাপদে বনে যাওয়ার নিশ্চয়তা চাই। শুধু পাস-পারমিট দিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে না
মধু সংগ্রহকারী অশোক মন্ডল বলেন, “সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়া এখন অনেকটাই ঝুঁকির কাজ হয়ে দাঁড়িয়েছে। মৌসুমে মধু সংগ্রহ করে যা আয় হয়, তা দিয়েই পরিবারের সারা বছরের খরচ চালানোর চেষ্টা করি। কিন্তু বনে দস্যুদের তৎপরতা ও অপহরণের আতঙ্কে স্বাভাবিকভাবে কাজ করতে পারছি না। কখন কোথায় দস্যুদের কবলে পড়তে হয়, সেই ভয় সব সময় তাড়া করে। মধু সংগ্রহ করতে গিয়ে যদি অপহৃত হই, তাহলে আমার পরিবারের কী হবে? আমরা জীবিকার জন্য বনে যাই, জীবন দিতে নয়। তাই বনে প্রবেশ থেকে শুরু করে নিরাপদে ফিরে আসা পর্যন্ত আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
সুন্দরবন খুলনা সার্কেলের বন বিভাগের তথ্য অনুযায়ী, নিবন্ধিত বিএলসি থাকা জেলের সংখ্যা প্রায় ১২ হাজার। পূর্ব বন বিভাগের শরণখোলা ও চাঁদপাই এবং পশ্চিম বন বিভাগের খুলনা ও সাতক্ষীরা—এই চার রেঞ্জের অধীনে রয়েছে ১৬টি বন স্টেশন।
বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, দুই বছর আগের তুলনায় বর্তমানে মাছ, কাঁকড়া ও মধু আহরণের অনুমতি নিচ্ছেন প্রায় এক-তৃতীয়াংশ কম জেলে।
কাশিয়াবাদ বন স্টেশনের কর্মকর্তা সাদিকুর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী, ওই স্টেশনে নিবন্ধিত বিএলসি জেলে প্রায় ৯ হাজার। অথচ অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত অনুমতি নিয়েছেন মাত্র ৪০০ জন।
বানিয়াখালী বন স্টেশনের কর্মকর্তা কে এম রাশেদ সাদাত জানান, সেখানে নিবন্ধিত জেলের সংখ্যা ৭ হাজার। অক্টোবরে অনুমতি নিয়েছেন ২৮০ জন। অন্যদিকে কোবাদক বন স্টেশনের কর্মকর্তা মাহবুবুল আলমের তথ্য অনুযায়ী, ওই স্টেশনে নিবন্ধিত জেলে ১১ হাজার। নভেম্বরের প্রথম সপ্তাহে অনুমতি নিয়েছেন ৩৬৫ জন।
তবে এই তিনটি স্টেশনের নিবন্ধিত জেলের সংখ্যা যোগ করলে দাঁড়ায় ২৭ হাজার, যা খুলনা সার্কেলের মোট ১২ হাজার নিবন্ধিত জেলের হিসাবের দ্বিগুণেরও বেশি।
নিবন্ধন, বিএলসি, স্টেশনভিত্তিক তালিকা এবং সক্রিয় জেলের সংজ্ঞা একই কি না, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। একই ব্যক্তির নাম একাধিক তালিকায় রয়েছে কি না কিংবা পুরোনো নিবন্ধন হালনাগাদ করা হয়েছে কি না, সেটিও যাচাই জরুরি। এসব অসংগতি দূর না হলে সুন্দরবনে প্রকৃত জেলের সংখ্যা ও তাঁদের বনে প্রবেশের নির্ভরযোগ্য চিত্র পাওয়া কঠিন।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, বনদস্যুদের বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে কোস্টগার্ডকে জানানো হয়। দস্যু দমনে কোস্টগার্ডের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে বন বিভাগ। বন অপরাধ প্রতিরোধে স্মার্ট টহল দলের পাশাপাশি পায়ে হেঁটেও টহল দেওয়া হচ্ছে। জেলেদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা দিতে বন বিভাগ সর্বোচ্চ চেষ্টা করছে।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীও শরণখোলা রেঞ্জে জেলে অপহরণের ঘটনায় কোস্টগার্ডকে অবহিত করার কথা জানিয়েছেন। তাঁর ভাষ্য, বনদস্যুদের তৎপরতা বেড়ে যাওয়ায় কোস্টগার্ড ও বন বিভাগ যৌথভাবে টহল জোরদার করেছে।
তবে সুন্দরবনের বিস্তীর্ণ নদী, খাল, চর ও দুর্গম বনাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বন বিভাগের একার পক্ষে সীমাবদ্ধতা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম বলেন, দস্যুরা অস্ত্রধারী হওয়ায় বন বিভাগের একার পক্ষে তাদের মোকাবিলা করা কঠিন। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান প্রয়োজন।
অভিযান অব্যাহত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
একই সঙ্গে পূর্ব ও পশ্চিম বন বিভাগ, কোস্টগার্ড, নৌ-পুলিশ এবং স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বিত নজরদারি বাড়ানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ। বিশেষ করে শরণখোলা, চাঁদপাই, খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের ঝুঁকিপূর্ণ খাল ও প্রবেশপথে নিয়মিত টহল, দ্রুত উদ্ধারব্যবস্থা এবং দস্যুদের স্থানীয় সহযোগীদের শনাক্ত করার কার্যকর উদ্যোগ প্রয়োজন।
সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষের জন্য শুধু বনজ সম্পদ আহরণের অনুমতিপত্র যথেষ্ট নয়; নিরাপদে বনে যাওয়া এবং ফিরে আসার নিশ্চয়তাও জরুরি। নিরাপত্তাহীনতা অব্যাহত থাকলে বনজ সম্পদ আহরণ, জেলেদের আয় এবং বন বিভাগের রাজস্ব আদায়—সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়তে পারে।
যে সুন্দরবন থেকে সরকার রাজস্ব পায়, সেই বনে জীবিকার সন্ধানে যাওয়া মানুষের নিরাপত্তা নিশ্চিত করাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। বন বিভাগের পাস থাকার পরও যদি জেলেদের দস্যুদের কথিত টোকেন সংগ্রহ করতে হয়, তাহলে সুন্দরবনের নিরাপত্তা ও নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।