আলোকিত প্রজন্ম গড়ার অঙ্গীকারে শিল্পকলা একাডেমি মুখর
“প্রকৃত মানুষ হও, সাফল্য তোমার পেছনে ছুটবে”—এই মূলমন্ত্রকে ধারণ করে কুমিল্লার শিক্ষা অঙ্গনে এক ব্যতিক্রমী আয়োজনের সাক্ষী হলো জেলা শিল্পকলা একাডেমি। ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘প্যারেন্টিং ও সীরাহ কনফারেন্স-২০২৬’। শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬ দিনব্যাপী এই আয়োজনে ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশনায় মুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম। কুরআন তিলাওয়াত, হামদ-নাতে রাসুল (সা.) এবং শিক্ষার্থীদের সৃজনশীল পরিবেশনা—সব মিলিয়ে এক অনন্য আবহে উদ্ভাসিত হয় পুরো প্রাঙ্গণ।
কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী মোঃ বরকত আলী। বিশেষ অতিথি ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান ও ফেনী বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর ড. মাসুদুল হক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল হক মজুমদার এবং সঞ্চালনায় ছিলেন ভাইস প্রিন্সিপাল মাসুমা আক্তার।
বক্তারা তাঁদের বক্তব্যে সন্তান গড়ার ক্ষেত্রে পিতা-মাতার ভূমিকার ওপর গভীরভাবে আলোকপাত করেন। তাঁরা বলেন, পরিবারই শিশুর প্রথম বিদ্যালয় এবং অভিভাবকরাই তার প্রথম শিক্ষক। নৈতিক মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা এবং আধুনিক জ্ঞানের সমন্বয়েই একজন শিশু আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে সন্তানকে গড়ে তোলার আহ্বান জানানো হয় এই আয়োজনে।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা শাখা বাংলা, ইংরেজি ও আরবি—এই তিন ভাষায় শিক্ষাদানের পাশাপাশি বাধ্যতামূলক কোরআন শিক্ষা এবং ইসলামিক ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে আসছে। প্রতিষ্ঠানের মূলমন্ত্র ‘শিক্ষা-শিষ্টাচার-সফলতা’কে সামনে রেখে শিক্ষার্থীদের মেধা, মনন ও নেতৃত্বের বিকাশে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাল্টিমিডিয়া ক্লাসরুম, থিমভিত্তিক পাঠদান এবং পাবলিক স্পিকিং কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও জড়তামুক্ত করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
প্রসঙ্গত, গত বছর (২০২৫) কুমিল্লায় আয়োজিত প্যারেন্টিং কনফারেন্সেও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি দেখা গিয়েছিল। তারই ধারাবাহিকতায় এবারের ‘প্যারেন্টিং ও সীরাহ কনফারেন্স-২০২৬’ আরও ব্যাপক ও গভীর পরিসরে অনুষ্ঠিত হলো। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করে তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য।
দিনব্যাপী এই কনফারেন্সে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। ক্ষুদে শিক্ষার্থীদের সরব উপস্থিতি ও পরিবেশনা অনুষ্ঠানটিকে দিয়েছে ভিন্নমাত্রা। আগামী দিনেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা।