বাংলাদেশ পুলিশে জনবল বৃদ্ধির লক্ষ্যে নতুন করে ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে চার হাজার উপপরিদর্শক (এসআই) এবং ১০ হাজার কনস্টেবল পদ রয়েছে। নিয়োগ কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় সব দাপ্তরিক প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং সচিব কমিটির অনুমোদনসহ নিয়োগসংক্রান্ত যাবতীয় প্রশাসনিক কার্যক্রম শেষ হয়েছে। ফলে বাংলাদেশ পুলিশ এখন যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে।
এবারের নিয়োগে এসআই পদে থাকছে বিশেষ পরিবর্তন। প্রথমবারের মতো চার হাজার এসআই পদেই সরাসরি নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে। আগে এসআই পদের অর্ধেক বিভাগীয় পদোন্নতির মাধ্যমে এবং বাকি অর্ধেক সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হতো।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বর্তমানে বাংলাদেশ পুলিশে দুই হাজার কনস্টেবল পদ শূন্য রয়েছে। এর পাশাপাশি নতুন করে ১০ হাজার কনস্টেবল নিয়োগের অনুমোদন পাওয়া গেছে। চলমান নিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান দুই হাজার শূন্য পদের সঙ্গে নতুন অনুমোদিত পদ থেকে আরও চার হাজার যুক্ত করে মোট ছয় হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে।
নতুন অনুমোদিত বাকি ছয় হাজার কনস্টেবল পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর সারা দেশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৩০ অক্টোবর আবেদন গ্রহণের সময়সীমা শেষ হলেও ওই বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট পদসংখ্যা উল্লেখ করা হয়নি।
নিয়োগের পদসংখ্যা ছয় হাজারে উন্নীত হলে প্রার্থীদের প্রতিযোগিতার চাপ আগের তুলনায় কমবে বলে ধারণা করা হচ্ছে। গত এপ্রিলের নিয়োগ বিজ্ঞপ্তিতে ২ হাজার ৭০৩টি পদের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ২৬ হাজার প্রার্থী। সে হিসাবে প্রতিটি পদের বিপরীতে গড়ে ৪৭ জন প্রতিযোগিতা করেছিলেন। এবার পদসংখ্যা ছয় হাজার হলে প্রতি পদের বিপরীতে গড়ে প্রায় ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।