শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) পানিহাতা মিশনমোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের প্রাক্কালে ছয়জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন শিশু রয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০), আকিব (শিশু), নুরজাহান খাতুন, সাকিব হাসান শেখ (২) ও রাকিব হাসান (৮)। তাঁদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছেন। পরে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় এবং সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানায় সংস্থাটি।