রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বড়াদম এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ১৫ হাজার ৬২০ টাকা মূল্যের ৯২ দশমিক ৩৬ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে হাবিলদার মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের বড়াদম এলাকায় অভিযান চালায়।এ সময় অভিযানকারী দল পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ৯২ দশমিক ৩৬ ঘনফুট সেগুন কাঠ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত কাঠের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ১৫ হাজার ৬২০ টাকা।মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারিরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব অপতৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।তিনি আরও জানান, চোরাচালান দমনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।