বিয়ের মাত্র ছয় দিন পেরিয়েছে। হাতের মেহেদির রংও এখনো মুছে যায়নি। এরই মধ্যে শেরপুরের নালিতাবাড়ীতে লিমা আক্তার (২০) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী একরামুল (২২) ও শাশুড়ি ফরিদা বেগমকে (৫০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র পছন্দ না হওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে তাঁকে নির্যাতন করে হত্যার অভিযোগ তুলেছেন স্বজনেরা। তবে স্বামীর দাবি, তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন।
বুধবার (২১ অক্টোবর) ভোররাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিমা আক্তার পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের মাঝিয়াইল গ্রামের সাইদুল ইসলামের ছোট মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গোপালপুর গ্রামের একরামুলের সঙ্গে এক লাখ ৭০ হাজার টাকা দেনমোহরে পারিবারিকভাবে লিমার বিয়ে হয়। গত রোববার স্বামীর সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে যান তিনি। মঙ্গলবার বিকেলে স্বামীর বাড়িতে ফিরে আসেন। এ সময় বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তাঁর বিরোধ হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, রাতের ওই ঘটনার পর বুধবার রাত ৩টার দিকে লিমার ভগ্নিপতিকে ফোন করে তিনি অসুস্থ বলে জানান একরামুল। পরে ভোর ৪টার দিকে তাঁকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফাহাদ রহমান জানান, হাসপাতালে আনার আগেই ওই নববধূর মৃত্যু হয়েছিল।
নিহতের স্বজনেরা অভিযোগ করেন, বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র পছন্দ না হওয়াকে কেন্দ্র করে বিরোধের একপর্যায়ে লিমাকে শারীরিক নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে তদন্তের ফল এখনো জানা যায়নি।
অন্যদিকে, স্বামী একরামুলের দাবি, রাতে ঘুমানোর পর মাঝরাতে জেগে তিনি দরজা খোলা দেখতে পান। পরে বাইরে গিয়ে পাশের একটি সেমিপাকা ঘরের সানশেডে ওড়না দিয়ে স্ত্রীর মরদেহ ঝুলতে দেখেন। এরপর তিনি নিজেই মরদেহটি নামিয়ে আনেন বলে জানান।
নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জানান, নববধূর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী একরামুল ও শাশুড়ি ফরিদা বেগমকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নববধূর মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।