শেরপুরে দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা, স্কলারশিপ, ভাষা শিক্ষা ও ক্যারিয়ার গঠনের সুযোগ নিয়ে দিকনির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষার সুযোগ সম্পর্কে ধারণা দেওয়া এবং দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে উৎসাহিত করার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।
সম্প্রতি শেরপুর শহরের আলিশান কমিউনিটি সেন্টারে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার বাংলাদেশ (BKLTC) ও ইকরা কনসালটেন্ট বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুন তে জিন (Jun T Jin)। তিনি দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ, স্কলারশিপ, কোরিয়ান ভাষা শেখার গুরুত্ব এবং পড়াশোনা শেষে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
গোপালখিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল কাদের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইফুল ইসলাম। এ সময় অন্যান্য অতিথিও বক্তব্য দেন। বক্তারা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা অর্জন, সঠিক তথ্য জানা এবং পরিকল্পিতভাবে উচ্চশিক্ষার প্রস্তুতি নেওয়া জরুরি।
সেমিনারে পরিচালক আব্দুল কাদের জানান, তিনি গত ১০ বছরে স্টুডেন্ট ভিসার মাধ্যমে শতাধিক শিক্ষার্থীকে দক্ষিণ কোরিয়ায় পাঠানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব শিক্ষার্থী বর্তমানে প্রতিষ্ঠিত। তিনি শেরপুরের তরুণদের কোরিয়ান ভাষা শেখার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান।
তিনি আরও জানান, বাংলাদেশ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (BKLTC) শেরপুর পৌরসভা এলাকায় কাজী বাড়ি পুকুরপাড়ে একটি অফিস চালু করেছে। সেখানে প্রতিদিন ৫০ জনের বেশি শিক্ষার্থী কোরিয়ান ভাষা শিখছেন বলে তিনি উল্লেখ করেন।
সেমিনারে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আয়োজকরা জানান, দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার সুযোগ, ভাষা শিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি নিরাপদ ও নিয়মতান্ত্রিক উপায়ে বিদেশে পড়াশোনার পথ সম্পর্কে সচেতন করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।