আন্তর্জাতিক ডেস্ক
কানাডায় অস্থায়ী বাসিন্দা ভিসা (টিআরভি) আবেদনে জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) তদন্তে ২০৯ জন বাংলাদেশি নাগরিকের জন্য জমা দেওয়া ২৪৩টি ভিসা আবেদনের তথ্য উঠে এসেছে। এসব আবেদনে কানাডীয় নাগরিকদের আশ্রয়দাতা হিসেবে দেখানো হয়েছিল বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) ক্যুইবেকের ভ্যালিফিল্ড কোর্টহাউসে চার অভিযুক্ত হাজির হন। তারা হলেন রাসেল মির্জা (মন্ট্রিয়ল), মোহাম্মদ আমিনুল ইসলাম (মন্ট্রিয়ল), মোঃ মুদাসসার আলম ভূঁইয়া (টরেন্টো) এবং কাজী নাফিজ আলম। পঞ্চম অভিযুক্ত মোঃ রকিবুল হাসান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সিবিএসএর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩ জুলাই মার্সিয়ার (Mercier) শহরের একটি ব্যক্তিগত বাসভবনে বসবাসরত ব্যক্তিদের বিষয়ে পরিপালন ও নিয়ন্ত্রণসংক্রান্ত অভিযান পরিচালনা করা হয়। এতে মার্সিয়ার শহরের পুলিশ ও ফায়ার বিভাগের কর্মকর্তা এবং প্রতিনিধিরা অংশ নেন।
অভিবাসন ও শরণার্থী সুরক্ষা আইন (Immigration and Refugee Protection Act—IRPA) লঙ্ঘনের সম্ভাব্য আলামত পাওয়ার পর একই বছরের আগস্টে অভিযুক্তদের কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করে সিবিএসএ।
তদন্তে উঠে আসে, বিদেশি নাগরিকদের প্রতারণামূলক নথিপত্র ও মিথ্যা বিবৃতির মাধ্যমে অস্থায়ী বাসিন্দা ভিসা পাওয়ার সুযোগ করে দিতে একটি পরিকল্পিত ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল বলে তদন্তকারীদের ধারণা।
এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ৩ জুন সিবিএসএর তদন্তকারীরা ক্যুইবেক ও অন্টারিওতে চারটি তল্লাশি পরোয়ানা কার্যকর করেন। অভিযানে সংগৃহীত নথিপত্র ও কম্পিউটার সরঞ্জামসহ বিভিন্ন প্রমাণে পাঁচ ব্যক্তির সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায় বলে সংস্থাটি জানিয়েছে। তদন্তের পরিধি ও জটিলতা বিবেচনায় ৭৯টি টিআরভি আবেদনকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে পরীক্ষা করা হয়, যেগুলোতে অপরাধের পক্ষে সবচেয়ে জোরালো প্রমাণ পাওয়া গেছে বলে সিবিএসএর ভাষ্য।
অভিযুক্তদের বিরুদ্ধে তিন অভিযোগ
আদালতের যাচাই-বাছাই সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
প্রথম অভিযোগে বলা হয়েছে, আইআরপিএর ১১৭(১) উপধারা লঙ্ঘন করে এক বা একাধিক ব্যক্তিকে কানাডায় আনার ব্যবস্থা করা বা এ কাজে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। এটি আইনের ১১৭(৩) উপধারার অধীনে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
দ্বিতীয় অভিযোগে অভিবাসন আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য ভুলভাবে উপস্থাপন বা গোপন করতে কাউকে জেনেশুনে প্ররোচিত করা, সহায়তা করা কিংবা উৎসাহ দেওয়ার বিষয়টি রয়েছে। এটি আইআরপিএর ১২৬ ধারার পরিপন্থী এবং ১২৮(ক) অনুচ্ছেদের অধীনে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
তৃতীয় অভিযোগে আইআরপিএ লঙ্ঘনে কাউকে জেনেশুনে প্ররোচিত করা, সহায়তা করা বা উৎসাহ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মূল তথ্যে এ অভিযোগকে আইনের ১৩১ ধারার লঙ্ঘন এবং ১১৭(৩) উপধারার অধীনে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সিবিএসএর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে আইআরপিএর অধীনে সন্দেহভাজন অপরাধের ঘটনায় সংস্থাটি ১৯১টি ফৌজদারি তদন্ত শুরু করে। এ ছাড়া ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত একই আইনের অধীনে সন্দেহভাজন অপরাধের বিষয়ে আরও ৫৫টি তদন্ত শুরু করা হয়।
তথ্যসূত্র: কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (CBSA)