জামালপুরের মেলান্দহে বিয়ের মাত্র ১৯ দিনের মাথায় নববধূ সুমি আক্তারকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে এমদাদুল হক অরচন ও সুমিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপি নেতা সুজন মণ্ডলের করা মামলায় অরচনকে আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুমিকেও উদ্ধার করা হয়। শুক্রবার (২৩ অক্টোবর) মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ১ অক্টোবর সুজন মণ্ডলের সঙ্গে সুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় সুমিকে প্রায় ৬ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা মূল্যের স্বর্ণালংকার উপহার দেওয়া হয়েছিল বলে এজাহারে উল্লেখ রয়েছে। এজাহারে সুমি ও অরচনের মধ্যে পাতানো মামা-ভাগ্নির সম্পর্কের কথাও বলা হয়েছে।
সুজনের অভিযোগ, বিয়ের পর থেকেই অরচন বিভিন্নভাবে তাঁর স্ত্রীকে প্ররোচিত করে আসছিলেন। গত ২০ অক্টোবর সন্ধ্যায় সুজন বাড়িতে না থাকার সুযোগে অরচন তাঁদের বাড়িতে যান। এ সময় সুমি মাকে দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। সুজনের মা তাঁকে বাধা দিলেও তা উপেক্ষা করে অরচনের সঙ্গে চলে যান সুমি। যাওয়ার সময় তিনি স্বর্ণালংকারও নিয়ে যান বলে অভিযোগ করেন সুজন।
এজাহারে আরও বলা হয়, পরদিন সুজনের ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজা সুমিদের বাড়িতে গেলে সুমির মা তাঁদের জানান, সুমি অরচনের সঙ্গে কলেজে ফরম পূরণ করতে গেছেন। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও সুমির সন্ধান না পেয়ে পুলিশের সহায়তা নেন সুজন।
পুলিশ পরে জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে অরচনকে আটক করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুমি আক্তারকেও উদ্ধার করা হয়। সুজনের দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার এমদাদুল হক অরচন মেলান্দহ উপজেলার শাহজাদপুর এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি মেলান্দহ পৌরসভায় গাড়িচালক হিসেবে কর্মরত। সুমি আক্তার মেলান্দহ পৌরসভার কামদেববাড়ি এলাকার শাহিন মণ্ডলের মেয়ে। অন্যদিকে, সুজন মণ্ডল ঝাউগড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
এ বিষয়ে সুজন মণ্ডল বলেন, ‘আমি এই প্রতারকদের কঠিন বিচার চাই। আমার সম্মান যা যাওয়ার, গেছে। অরচন পৌরসভায় চাকরি করেন। এ ঘটনায় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করি।’
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, এমদাদুল হক অরচন ও সুমি আক্তারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।