বাগেরহাট প্রতিনিধি
মোংলা বন্দরের জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে ফেরার পথে গাড়ি থেকে নেমে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মোংলা বন্দরের জেটিতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৫০ মিনিট অবস্থান করে বন্দরের বিভিন্ন কার্যক্রম ও অবকাঠামো পর্যবেক্ষণ করেন তিনি। পরে বিকেল সোয়া ৪টার পর জেটি থেকে বের হয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে রওনা হন।
ফেরার পথে নেতা-কর্মীদের আগ্রহ দেখে গাড়ি থেকে নেমে তাঁদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় কয়েকজনের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি এবং উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর এ উপস্থিতিকে ঘিরে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে।
বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষ করে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে মোংলা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
এর আগে বৃহস্পতিবার সকালে তারেক রহমান মোংলা বন্দরের হিরন পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণ করেন। এরপর খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে যান তিনি। পরে নৌপথে দুপুর পৌনে ১টার দিকে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে পৌঁছান। সেখানে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস আবু বকর পরিদর্শন করেন এবং মধ্যাহ্নবিরতি করেন প্রধানমন্ত্রী।
নৌঘাঁটি থেকে বের হওয়ার পর মোংলা বন্দরের জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন তিনি। এ সময় বন্দরের অবকাঠামো ও অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, খুলনা বিভাগীয় কমিশনার এবং বাগেরহাটের জেলা প্রশাসক।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে মোংলা বন্দর ও আশপাশের এলাকায় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।