১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনে জামায়াতে ইসলামীর সমর্থন বিএনপির জন্য গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. দিলারা চৌধুরী। একই সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও সরকার গঠনের লক্ষ্যে জামায়াতের সমর্থন চেয়ে যোগাযোগ করেছিলেন বলে দাবি করেন তিনি।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ড. দিলারা চৌধুরী।
১৯৯১ সালের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, জামায়াতে ইসলামী সমর্থন দিয়ে সরকার গঠনে সহযোগিতা না করলে ওই সময়েই বিএনপির রাজনীতির অবসান ঘটার কথা ছিল। বিষয়টি ঐতিহাসিক প্রেক্ষাপটে স্পষ্টভাবে স্মরণ রাখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে ড. দিলারা চৌধুরী জানান, ওই সময় শেখ হাসিনা নিজেই যোগাযোগ করেছিলেন। জামায়াতের সমর্থন আদায়ের বিষয়ে তাঁর স্বামীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল বলেও দাবি করেন তিনি।
দিলারা চৌধুরীর ভাষ্য অনুযায়ী, তাঁর স্বামী নাগরিকত্বসংক্রান্ত জটিলতার প্রসঙ্গ তুললে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা সমস্যাটি সমাধানের আশ্বাস দিয়েছিলেন। তবে এর বিনিময়ে জামায়াতের সমর্থন নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছিল বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ১৯৯১ সালের জাতীয় সংসদে কোনো দল যাতে একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, অর্থাৎ সংসদ যেন ‘ঝুলন্ত সংসদ’ (হাং পার্লামেন্ট) হয়, শেখ হাসিনা মূলত এমনটাই চেয়েছিলেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতকে ঘিরে তৈরি হওয়া দূরত্ব নিয়েও প্রশ্ন তোলেন এই রাষ্ট্রবিজ্ঞানী। তিনি জানতে চান, হঠাৎ কী কারণে জামায়াতের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে অনীহা তৈরি হয়েছে এবং কার ইঙ্গিতে বা কোথা থেকে এ ধরনের বার্তা আসছে।
দেশে কৃত্রিম বিভেদ ও অনৈক্য সৃষ্টি করে নৈরাজ্য তৈরির কোনো চেষ্টা চলছে কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অধ্যাপক ড. দিলারা চৌধুরী।