ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান নিয়ন্ত্রণে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
রোববার (২৫ অক্টোবর) এ বিষয়ে একটি চিঠি ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বহিরাগতরা অবস্থান করতে পারবেন না। এ নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।