চার দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হচ্ছেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। একই সফরে যাওয়ার বিষয়টি নিজের ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন আমজনতা দলের এই নেতা।
রোববার সন্ধ্যায় দেওয়া পোস্টে মো. তারেক রহমান জানান, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন। পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনরত অবস্থায় তাঁর একটি হাস্যোজ্জ্বল ছবিও যুক্ত করেন।
দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগে গুরুত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন। এ সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানো, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সোমবার সকালে টোকিও পৌঁছানোর কথা
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
জাপান সফরকালে প্রধানমন্ত্রী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অবস্থান করবেন।