নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সাময়িকভাবে বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট পুনরায় চালু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি সচল রয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
এর আগে গত বৃহস্পতিবার জরুরি নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। একই ধরনের সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে পিএইচপি প্রোগ্রামিং ভাষায় তৈরি আরও কয়েকটি ব্যাংক ও প্রতিষ্ঠানের ওয়েবসাইটও বন্ধ রাখা হয়। তবে জনতা ব্যাংকসহ কিছু ব্যাংক ও প্রতিষ্ঠানের সার্ভারে রক্ষণাবেক্ষণের কাজ এখনও চলমান রয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তাগত ত্রুটি কাজে লাগিয়ে সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কা তৈরি হওয়ায় আগাম সতর্কতা হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল। এ সময়ে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক ছিল।
পরবর্তী সময়ে ওয়েবসাইটের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা, দুর্বলতা শনাক্ত এবং সেগুলো সমাধানের কাজ করা হয়। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পর ওয়েবসাইটটি আবার চালু করা হয়েছে।
বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত পিএইচপি প্রোগ্রামিং ভাষায় গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশে জরুরি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। এসব ত্রুটি সংশোধনের জন্য নিরাপত্তা প্যাচ প্রকাশ করা হলেও সেগুলো সম্পূর্ণভাবে প্রয়োগের আগেই দুর্বলতাগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ্যে চলে আসে। এর পরিপ্রেক্ষিতেই সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে।