কূটনৈতিক গ্রহণযোগ্যতা, অর্থনৈতিক সক্ষমতা এবং আন্তর্জাতিক অঙ্গনে আস্থার জায়গা তৈরি করার মধ্যে একটি রাষ্ট্রের প্রকৃত শক্তি প্রকাশ পায়। কানাডা এই মূহুর্তে তারই একটি উজ্জ্বল উদাহরণ। তাই কানাডাকে বিশেষ মর্যাদায় কাছে টানছে ইউরোপীয় ইউনিয়ন।
ইউরোপীয় ইউনিয়ন এখন কানাডার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের গণ্ডি পেরিয়ে প্রতিরক্ষা, প্রযুক্তি, গবেষণা ও আন্তর্জাতিক নিরাপত্তায় আরও বিস্তৃত অংশীদারত্ব প্রতিষ্ঠা করে সম্পর্ককে প্রচলিত কাঠামোর বাইরে নিয়ে যেতে আগ্রহী। পরিবর্তনশীল বিশ্বরাজনীতিতে ইউরোপের কাছে কানাডার ক্রমবর্ধমান গুরুত্বই এখন বিশ্ব রাজনীতির আলোচ্য বিষয়।
গত ২৯ ও ৩০ অক্টোবর দুই দিনব্যাপী কানাডার মন্ট্রিয়ল নগরীতে অনুষ্ঠিত হলো কানাডা-ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলন। যে সম্মেলন কানাডার আন্তর্জাতিক অবস্থানকে নতুন উচ্চতায় তুলে ধরেছে। সম্মেলন শেষে উভয় পক্ষ আনুষ্ঠানিকভাবে ‘অ্যালায়েন্স ফর দ্য ফিউচার’ বা ভবিষ্যতের জোট গঠনের ঘোষণা দিয়েছে।
এর মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়ন এখন কানাডাকে কেবল একটি ঘনিষ্ঠ বাণিজ্যিক অংশীদার হিসেবে নয়, বরং অর্থনৈতিক নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা, কৌশলগত সহযোগিতা এবং বৈশ্বিক প্রভাবের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দেখতে চাইছে। কানাডার জন্য এটি শুধু একটি কূটনৈতিক সাফল্য নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে আরও প্রভাবশালী ভূমিকা নেওয়ার বাস্তব সুযোগও তৈরি করছে।
প্রধানমন্ত্রী মার্ক কার্নির আমন্ত্রণে মন্ট্রিয়লে অনুষ্ঠিত ২১তম কানাডা-ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলনে অংশ নেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
সম্মেলন শেষে প্রকাশিত যৌথ ঘোষণায় বলা হয়েছে, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন অভিন্ন সমৃদ্ধি এবং অর্থনৈতিক নিরাপত্তার একটি ক্ষেত্র গড়ে তুলতে ‘কানাডা-ইইউ অ্যালায়েন্স ফর দ্য ফিউচার’ চালু করছে। দুই পক্ষের মতে, দ্রুত পরিবর্তনশীল বিশ্বপরিস্থিতিতে অর্থনীতি, প্রযুক্তি, জ্বালানি, গবেষণা, নিরাপত্তা ও জনসম্পৃক্ততার নতুন কাঠামো গড়ে তোলাই এই জোটের প্রধান লক্ষ্য।
এই সম্মেলনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার পথ এখন আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়েছে। যৌথ ঘোষণায় বলা হয়েছে, পূর্ণ সদস্যপদের বাইরে থেকে কানাডার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি ‘আরও ঘনিষ্ঠ সম্পর্ক’ গড়ে তোলার ধারণা ২০২৭ সালের সম্মেলনের মধ্যে স্পষ্ট করা হবে।
অর্থাৎ কানাডা ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য না হয়েও এমন এক বিশেষ মর্যাদাপূর্ণ সম্পর্কের দিকে এগোচ্ছে, যা প্রচলিত অংশীদারত্বের সীমা অতিক্রম করবে। প্রধানমন্ত্রী কার্নিও জোর দিয়ে বলেছেন, সম্পর্কের নামের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কানাডা এই সম্পর্কের মাধ্যমে কী অর্জন করছে।
দুই পক্ষের বিদ্যমান সম্পর্কের ভিত্তিতে রয়েছে ২০১৭ সালে কার্যকর হওয়া বিস্তৃত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিটা। এই চুক্তি কানাডা ও ইউরোপের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগকে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত করেছে। এখন সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে উভয় পক্ষ একটি সাধারণ সমৃদ্ধি ও অর্থনৈতিক নিরাপত্তার পরিসর গড়ে তুলতে চায়।
যৌথ ঘোষণায় বাণিজ্য অংশীদারীত্ব উন্নত করা, সরবরাহব্যবস্থাকে আরও সহনশীল ও নিরাপদ করা, এবং গুরুত্বপূর্ণ খনিজ, জ্বালানি, পরিচ্ছন্ন প্রযুক্তি, ডিজিটাল প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ ওষুধের মতো খাতে পারস্পরিক নির্ভরতা আরও কার্যকরভাবে কাজে লাগানোর কথা বলা হয়েছে। এতে কানাডার প্রাকৃতিক সম্পদ, শিল্পসম্ভাবনা এবং কৌশলগত অর্থনৈতিক অবস্থানের গুরুত্ব পরিষ্কারভাবে প্রতিফলিত হয়েছে।
সম্মেলনে জানানো হয়েছে, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি ডিজিটাল বাণিজ্য চুক্তির বিষয়ে মূল আলোচনা সম্পন্ন হয়েছে। এই নতুন চুক্তি সিটার পরিপূরক হবে এবং ডিজিটাল বাণিজ্যের জন্য আধুনিক একটি কাঠামো গড়ে তুলবে।
যৌথ ঘোষণায় – কৃত্রিম বুদ্ধিমত্তা ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং খাত, সুপারকম্পিউটিং সম্পদের সঙ্গে কানাডার সংযোগ এবং ডিজিটাল পরিচয় ও বিশ্বাসযোগ্য ডিজিটাল সেবার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। অর্থাৎ প্রযুক্তিগত ভবিষ্যৎ গঠনের আলোচনায় কানাডাকে এখন ইউরোপ একটি কেন্দ্রীয় অংশীদার হিসেবে বিবেচনা করছে।
যৌথ ঘোষণায় বলা হয়েছে, কানাডা এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক এমন একটি চুক্তির আলোচনা সম্পন্ন করেছে, যা গুরুত্বপূর্ণ কানাডীয় সম্পদ, বিশেষ করে কৌশলগত খনিজ সম্পদে ইউরোপীয় বিনিয়োগ সহজ করবে। এছাড়া জ্বালানি নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি জ্বালানি সংযোগ নিয়েও দুই পক্ষ কাজ করবে বলে জানিয়েছে। কানাডার অর্থনৈতিক উন্নয়ন, ইউরোপের জ্বালানি নিরাপত্তা এবং জলবায়ু লক্ষ্য, তিনটি ক্ষেত্রেই এর প্রভাব থাকতে পারে।
পাশাপাশি কানাডা ও ইউরোপ সমুদ্রপথ, বন্দর, পরিবহন করিডর এবং সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা জোরদারে কাজ করবে। এতে বাণিজ্য বহুমুখীকরণ, খনিজ ও জ্বালানি করিডর উন্নয়ন এবং বৈশ্বিক বাজারের সঙ্গে কানাডার সংযোগ আরও শক্তিশালী হতে পারে। নিরাপদ যোগাযোগব্যবস্থা, বন্দর নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর স্থিতিশীলতা নিয়েও দুই পক্ষ সহযোগিতা বাড়াতে চায়।
ফ্রন্টেক্স এবং কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির মধ্যে একটি কার্যকরী সমঝোতা হয়েছে, যা সীমান্ত সুরক্ষায় দুই পক্ষের সহযোগিতা প্রসারিত করবে। পাশাপাশি এই সম্মেলনে সাধারণ কানাডীয়দের জন্যও নতুন সুযোগের দরজা খুলছে।
যৌথ ঘোষণায় বলা হয়েছে, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন ইরাসমাস প্লাস কর্মসূচিতে কানাডার আরও গভীর অংশগ্রহণের লক্ষ্যে আলোচনা শুরু করবে। এর ফলে শিক্ষার্থী, গবেষক, শিক্ষক ও তরুণদের জন্য ইউরোপে পড়াশোনা, প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ বাড়তে পারে। ভবিষ্যতে একটি নতুন প্রজন্মের যুব চলাচল অংশীদারত্ব গড়ে তোলার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। ফলে এই অংশীদারত্বের ফল শুধু কূটনৈতিক নথিতে সীমাবদ্ধ থাকবে না, তা মানুষের জীবনেও প্রতিফলিত হতে পারে।
কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক অবশ্য নতুন নয়। ১৯৫৯ সাল থেকে দুই পক্ষের আনুষ্ঠানিক সম্পর্ক