ঢাকার ধামরাইয়ে যাদবপুর ভবন মোহন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। ছয়জন শিক্ষকের বিপরীতে ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন মাত্র চারজন। অকৃতকার্য হয়েছেন বাকি ২০ জন। প্রতিষ্ঠানটির পাসের হার মাত্র ১৬ দশমিক ৬৭ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) সকালে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
এমন ফলাফলে কলেজটির পাঠদান কার্যক্রম ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। ছয়জন শিক্ষক থাকা সত্ত্বেও কেন অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য হলো, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।
স্থানীয়দের অভিযোগ, কলেজটিতে পড়াশোনার পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না। অনেকেই ক্লাস চলাকালে টিকটক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটায়। এতে শ্রেণিকক্ষে পাঠদানের পরিবেশ ব্যাহত হচ্ছে।
তাদের মতে, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি পাঠদানে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
কলেজ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই কলেজে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক শাখা চালু করা হয়েছিল। তবে বর্তমানে শুধু মানবিক শাখায় শিক্ষার্থী রয়েছে। এ বছরও ওই শাখা থেকেই শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
ফলাফল বিপর্যয়ের বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকলিমা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বছর প্রতিষ্ঠান থেকে ২৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে মাত্র চারজন পাস করেছেন।
ফল বিপর্যয়ের কারণ সম্পর্কে তিনি বলেন, শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই দায় রয়েছে। তাদের ধারণা ছিল, শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করবে। কিন্তু ফল প্রকাশের পর দেখা গেছে, প্রায় ১০ জন শিক্ষার্থী একটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, আইসিটি বিষয়ে যথাযথ ক্লাস ও পাঠদান না হওয়ায় পরীক্ষায় খারাপ ফল হয়েছে।
এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন বলেন, শিক্ষকদের নিয়ে কাউন্সেলিং করা হবে, যাতে আগামীতে ফলাফল ভালো করা যায়।