ভোলায় ৯ হাজার পরীক্ষার্থীর মধ্যে ফেল ৫ হাজার ৭৬৭, বরিশাল বোর্ডে অন্তর্ভুক্ত জেলার মধ্যে পাসের হারে ভোলা পঞ্চম।
তবে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভোলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। শতভাগ অকৃতকার্য এসব প্রতিষ্ঠানের মধ্যে দুটি কলেজ ও একটি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে।
প্রতিষ্ঠান তিনটি ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশন উপজেলায় অবস্থিত। জেলা শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফলের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানগুলো ভোলা সদর উপজেলার মেদুয়া কলেজ, লালমোহন উপজেলার রামাগঞ্জ সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ এবং চরফ্যাশন উপজেলার চরমানিকা জালাল আহমেদ কলেজ।
এর মধ্যে মেদুয়া কলেজ থেকে ৫ জন, রামাগঞ্জ সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪ জন এবং চরমানিকা জালাল আহমেদ কলেজ থেকে ৩ জন পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেননি।
জেলা শিক্ষা অফিসের তথ্যসুত্রে এবার ভোলার ৫৯টি কলেজ থেকে মোট ৯ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৭৭২ জন। অকৃতকার্য হয়েছেন ৫ হাজার ৭৬৭ জন। জেলায় পাসের হার দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৫৪ শতাংশ। বরিশাল শিক্ষা বোর্ডের ছয় জেলার মধ্যে পাসের হারে ভোলার অবস্থান পঞ্চম।
তবে ফলাফলে ইতিবাচক দিক হিসেবে রয়েছে জিপিএ-৫ অর্জন। এ বছর ভোলার ৭৯ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড পয়েন্ট অর্জন করেছেন। তাঁদের মধ্যে ১৯ জন ছাত্র ও ৬০ জন ছাত্রী। অর্থাৎ জিপিএ-৫ অর্জনে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন।
সামগ্রিকভাবে পাসের হার কম হওয়া এবং বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনায় জেলার শিক্ষার মান ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।
বিষয়টি নিশ্চিত করে ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. সাইফুল ইসলাম বাংলা এডিশন কে বলেন, শতভাগ অকৃতকার্য শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়টি সম্পর্কে তাঁরা অবগত হয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এসব প্রতিষ্ঠানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।