রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রকল্প বাস্তবায়নে উৎসাহিত করতে ‘Frugal Innovation Challenge 2027’ আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর সভাকক্ষে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সোশ্যাল ইনোভেশন ল্যাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর ও প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগ ও ব্যাচের সমন্বয়ে দল গঠন করে উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম ও পরিচিতি বাড়াতে ভূমিকা রাখতে পারবে।তিনি কাপ্তাই লেকের মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি, মাছ আহরণ, মাছ ধরার নিষিদ্ধ সময়ে মৎস্যজীবীদের বিকল্প জীবিকার ব্যবস্থা, হালদা নদীর মা মাছ সুরক্ষা, প্রাকৃতিক দুর্যোগের আগাম ও হালনাগাদ তথ্য সরবরাহ এবং পরিবেশ ও স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে উদ্ভাবনী প্রকল্প তৈরির ওপর গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্র্যাকের এ আয়োজন এবং শিক্ষার্থীদের সঙ্গে সংস্থাটির সংযোগ স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।অনুষ্ঠানের শুরুতে ব্র্যাক সোশ্যাল ইনোভেশন ল্যাবের হেড অব ইনোভেশন সামিন নওয়ার কাশমী ল্যাবের কার্যক্রম তুলে ধরেন। তিনি কৃষি ও জীবিকা, আর্থিক সুরক্ষা, স্বাস্থ্য, নগর জীবন এবং পানি সম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের কারণে স্থানীয় জনগোষ্ঠীর সৃষ্ট সমস্যা চিহ্নিত করে সেগুলোর কার্যকর সমাধানে উদ্ভাবনী প্রকল্প জমা দেওয়ার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।তিনি জানান, আগামী ২৫ নভেম্বর ২০২৬-এর মধ্যে তিন থেকে পাঁচ সদস্যের দল গঠন করে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। বিজয়ী দলগুলো তাদের উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের জন্য এক লাখ টাকা আর্থিক সহায়তা পাবে। পাশাপাশি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সুযোগও থাকবে।এ সময় ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের টেকনিক্যাল অ্যাডভাইজর মো. মোকাররম হোসেন পার্বত্য চট্টগ্রামে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন সক্ষমতা নিয়ে আলোচনা করেন। তিনি ব্র্যাকের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাঙ্গামাটির প্রত্যন্ত উপজেলাগুলোতে টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় গৃহীত উদ্যোগ তুলে ধরেন। তামাক চাষের পরিবর্তে কৃষিজীবীদের আলু ও ভুট্টা চাষ এবং মৎস্য চাষে সম্পৃক্ত করার পাইলট প্রকল্পের সফলতাও তুলে ধরেন তিনি।বক্তারা জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের আগাম তথ্য, বিশেষজ্ঞদের মতামত এবং স্থানীয় জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা ও ঐতিহ্যগত জ্ঞান কাজে লাগিয়ে জনজীবন ও পরিবেশ সুরক্ষায় কার্যকর কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে রাবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির, আইসিটি সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. তানজিম মাহমুদ, ব্র্যাকের স্ট্র্যাটেজিক এনগেজমেন্টের সিনিয়র ম্যানেজার তাবাসসুম বিনতে নওশাদ, ফ্রুগ্যাল ইনোভেশন ফোরাম অ্যান্ড স্ট্র্যাটেজিক এনগেজমেন্টের স্পেশালিস্ট ফারহানা জিনিয়া ও সিনিয়র অফিসার আল সাফা সাদিয়া ঐশ্বরীসহ ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।