লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর আঞ্চলিক মহাসড়কের প্রায় ১৪৬ কোটি টাকার উন্নয়নকাজ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। যৌথ উদ্যোগে কাজ পাওয়া দুই প্রতিষ্ঠানের মধ্যে একটিকে বাদ দিয়ে অন্য প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার অভিযোগ উঠেছে জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলামের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, কেন্দ্রীয় যুবলীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আবদুল হাইয়ের মালিকানাধীন আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে অনৈতিকভাবে কাজটি দেওয়া হয়েছে। তবে নির্বাহী প্রকৌশলী দাবি করেছেন, যথাযথ নিয়ম মেনেই কার্যাদেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে লক্ষ্মীপুর-চরআলেকজান্ডার-সোনাপুর সড়কের কমলনগরের হাজিরহাট থেকে আলেকজান্ডারের আজাদনগর পর্যন্ত ২৭ কিলোমিটার সড়কের দুই পাশে আড়াই ফুট করে প্রশস্তকরণের জন্য দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও রিমি নির্মাণ লিমিটেডসহ একাধিক প্রতিষ্ঠান অংশ নেয়।
সর্বনিম্ন দরদাতা হিসেবে ১৪৬ কোটি ৪৭ লাখ ১১ হাজার টাকায় যৌথ উদ্যোগে কাজটি পায় আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও রিমি নির্মাণ লিমিটেড। চুক্তি অনুযায়ী, লিড পার্টনার হিসেবে কাজের কার্যক্রম রিমি নির্মাণ লিমিটেডের কাছে হস্তান্তরের কথা ছিল। কিন্তু গত ১২ আগস্ট নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে কার্যাদেশ দেন বলে অভিযোগ উঠেছে।
রিমি নির্মাণ লিমিটেডের স্বত্বাধিকারী ওবায়দুল হক জানান, ৫ আগস্টের পর এক বন্ধুর মাধ্যমে আবদুল হাইয়ের সঙ্গে তার পরিচয় হয়। পরে যৌথ উদ্যোগে সড়ক ও জনপথ বিভাগের দরপত্রে অংশ নিয়ে তারা কাজটি পান। আবদুল হাইয়ের রাজনৈতিক পরিচয় ও অতীত সম্পর্কে শুরুতে তিনি অবগত ছিলেন না বলে দাবি করেন ওবায়দুল হক।
তিনি বলেন, কাজ পাওয়ার পর আবদুল হাই তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং পরে কাজ করবেন না বলে জানান। এরপর তিনি লিড পার্টনার হিসেবে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করে কাজ শুরুর প্রস্তুতি নেন। কিন্তু পরে জানতে পারেন, আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের নামে কার্যাদেশ দেওয়া হয়েছে।
ওবায়দুল হকের অভিযোগ, তার সঙ্গে আলোচনা না করে এবং যৌথ উদ্যোগের চুক্তি উপেক্ষা করে নির্বাহী প্রকৌশলী মোটা অঙ্কের অর্থের বিনিময়ে কাজটি অন্য প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়েছেন। এ ঘটনায় তিনি যৌথ উদ্যোগের চুক্তি বাতিলের আবেদনসহ এককভাবে কোনো প্রতিষ্ঠানকে কার্যাদেশ না দেওয়ার অনুরোধ জানিয়ে সড়ক ও জনপথ বিভাগে লিখিত আবেদন করেন।
তিনি আরও অভিযোগ করেন, আবদুল হাইয়ের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডসহ বিভিন্ন অনিয়মের একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন কারাগারেও ছিলেন।
অন্যদিকে, আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের স্বত্বাধিকারী আবদুল হাইয়ের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
অভিযোগের বিষয়ে লক্ষ্মীপুর জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, যৌথ উদ্যোগে কাজ পাওয়ার পর দুই পক্ষ ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তি জমা দিয়েছে। সেখানে উল্লেখ রয়েছে, অফিসের সব বিষয়ে আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড যোগাযোগ করবে। তিনি বলেন, “এখন এসব কথা বললে তো আর লাভ হবে না। আমরা সঠিক নিয়মে ওয়ার্ক অর্ডার দিয়েছি।”
এদিকে, কাজটি একক প্রতিষ্ঠানের হাতে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।