ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী না থাকায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান। সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে তাঁর নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা। ওই সময়ের মধ্যে এলিজা জামান প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২ ধারার উপধারা (১) অনুযায়ী তাঁকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়।
নির্বাচনে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির এলিজা জামান।