শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি আফিয়া জিন্নাতের অদম্য ইচ্ছাশক্তিকে। হাঁটতে পারেন না, হাতের সমস্যার কারণে স্বাভাবিকভাবে লিখতেও কষ্ট হয়। তবুও সব বাধা পেরিয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ময়মনসিংহের গৌরীপুরের এই শিক্ষার্থী। পরীক্ষার কেন্দ্রে বাবার কাঁধে চড়ে পৌঁছানো আফিয়া এবার জিপিএ-৩.২১ অর্জন করেছেন।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ফলাফলে তাঁর এই সাফল্যের কথা জানা যায়। দৈনন্দিন কাজকর্মেও অন্যের সহায়তার প্রয়োজন হয় তাঁর।
আফিয়া জিন্নাত গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের মো. আব্দুল ওয়াদুদ ও মোছা. মুর্শিদা বেগমের মেয়ে। তিনি গৌরীপুর সরকারি কলেজের মানবিক শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর আগে খলতবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।
পরীক্ষার দিনগুলোতে বাবার কাঁধে চড়ে এবং মোটরসাইকেলে করে গৌরীপুর মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে যেতেন আফিয়া। নির্ধারিত আসনে পৌঁছাতেও বাবার সহায়তা নিতে হতো তাঁকে।
পরীক্ষা শেষে হাসিমুখে হল থেকে বেরিয়ে আফিয়া বলেন, “জীবনের অনেক ইচ্ছাই আছে। প্রতিবন্ধকতা জয় করে একটা কিছু করব, অবশ্যই একটা কিছু করব।”
মেয়ের পড়াশোনা চালিয়ে নিতে প্রতিকূল আবহাওয়াতেও নিয়মিত পাশে থেকেছেন মা মুর্শিদা বেগম। ঝড়-বৃষ্টি ও তীব্র শীতের কুয়াশা উপেক্ষা করে প্রতিদিন হুইলচেয়ারে করে মেয়েকে কলেজে নিয়ে যেতেন তিনি।
মুর্শিদা বেগম বলেন, “আমার মেয়ের একদিনও প্রাইভেট এবং কলেজে অনুপস্থিতি ছিল না। ওর ইচ্ছা আছে। আমরাও তার ইচ্ছাপূরণের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।”
দীর্ঘদিন প্রবাসে থাকা বাবা আব্দুল ওয়াদুদও মেয়ের স্বপ্ন পূরণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পরীক্ষায় অতিরিক্ত সময়ের আবেদন করতে গিয়ে তাঁকে নানা ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
তিনি বলেন, “আমি চাই আমার মেয়েটা এ যুদ্ধে জয়ী হোক। তার অদম্য ইচ্ছাশক্তি আমাকে আলোড়িত করে, প্রেরণা জোগায়। আমিও তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবার দোয়া চাই।”
আফিয়ার এই সাফল্য তাঁর অদম্য প্রত্যয় এবং পরিবারের নিরন্তর সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।