ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী মনে করেন, জীবনের ভুলগুলো মানুষকে অভিজ্ঞ ও পরিণত করে তোলে। নিজের দীর্ঘ অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানিয়েছেন, ভুল থেকে শিক্ষা নিয়ে সেগুলো সংশোধন করেই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।
নব্বইয়ের দশকে চলচ্চিত্রে যাত্রা শুরু করা এই অভিনেত্রী অভিনয় ও সৌন্দর্যে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতিও পেয়েছেন।
আজ মৌসুমীর জন্মদিন। এ উপলক্ষে নিজের ব্যক্তিজীবন, অভিনয়জীবন ও চলচ্চিত্র অঙ্গনের নানা অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি যুগান্তর-কে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি।
জীবনের ভুল প্রসঙ্গে মৌসুমী বলেন, চলার পথে মানুষ নানা ভুল করে, যা পরবর্তী সময়ে অনুশোচনার কারণ হতে পারে। তবে সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগও থাকে। নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, ভুলগুলো সংশোধন করে সামনে এগিয়ে যাওয়ার মাধ্যমেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। তাঁর মতে, ভুলের উপলব্ধি মানুষকে আরও পরিণত করে।
অভিনেত্রীর ভাষ্য, ভুলের কারণে জীবনে বিভিন্ন জটিলতা তৈরি হলেও সেগুলোর মুখোমুখি হওয়াটাই জীবনের স্বাভাবিক অংশ। ভুল-ভ্রান্তি, আনন্দ-বেদনা, সুখ-দুঃখ ও হাসি-কান্নার সমন্বয়েই জীবন।
চলচ্চিত্র অঙ্গনে কাজের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে মৌসুমী জানান, তাঁদের সময়ে জ্যেষ্ঠ ও নবীন শিল্পীরা একসঙ্গে দলবদ্ধভাবে কাজ করতেন। ফলে নিরাপত্তাহীনতা তুলনামূলক কম অনুভব করতেন তাঁরা। তবে চলচ্চিত্র অঙ্গনে শিল্পীদের জন্য শতভাগ নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়নি বলে মনে করেন তিনি। নিজের নিরাপত্তার ব্যবস্থা শিল্পীদের নিজেদেরই করতে হয়েছে।
চলচ্চিত্রে ছোটখাটো বিষয় নিয়েও রাজনৈতিক পরিস্থিতি তৈরি হওয়ার কথা উল্লেখ করে মৌসুমী বলেন, এমন পরিস্থিতি এড়িয়ে চলতে তাঁরা নিজেদের মধ্যে দলগত যোগাযোগ বজায় রাখতেন। এতে বিপদে একে অপরের পাশে দাঁড়ানো সম্ভব হতো। একই সঙ্গে সহকর্মী শিল্পীদের মধ্যে ঈর্ষার প্রবণতা ছিল না বলেও জানান তিনি।
নারী শিল্পীদের সম্মান প্রসঙ্গে মৌসুমীর বক্তব্য, চলচ্চিত্র অঙ্গন নারী শিল্পীদের যথেষ্ট সম্মান দিয়েছে—এমনটা তিনি মনে করেন না। শাবানা ও ববিতার মতো শিল্পীদের পাশাপাশি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, নারী শিল্পীরা তাঁদের কাজ ও যোগ্যতার মাধ্যমেই সম্মান অর্জন করেছেন।