যুক্তরাষ্ট্রের নাগরিকদের সমর্থন হারালে ইসরায়েলে চলে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণের দিন ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। প্রতিবেদন অনুযায়ী, মজার ছলেই কথাটি বলেছেন ট্রাম্প।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলে তাঁর জনপ্রিয়তা ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ তাঁর ওপর বিরক্ত হয়ে গেলে তিনি ইসরায়েলে চলে যাবেন এবং সেখানকার প্রধানমন্ত্রী হবেন।
একই সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি সমঝোতার কথাও জানান ট্রাম্প। তাঁর ভাষ্য অনুযায়ী, সমঝোতা অনুসারে চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে বছরে ৪ বিলিয়ন ডলারের মার্কিন সহায়তা দেওয়া বন্ধ করবে ওয়াশিংটন। ট্রাম্পের দাবি, ইসরায়েলের এখন আর এই সহায়তার প্রয়োজন নেই। অন্যদিকে, কিছু ডেমোক্র্যাট ও বামপন্থি রাজনীতিক ইসরায়েলকে দেওয়া মার্কিন সহায়তার অর্থকে রিপাবলিকানদের সমালোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন ট্রাম্প। ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনা নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের বড় কিছু করতে হবে।’ তাঁর মতে, এতে ‘একটি বড় ধরনের আঘাত’ অন্তর্ভুক্ত থাকতে পারে। ট্রাম্প আরও বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
সাক্ষাৎকারে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবও স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর ভাষায়, জ্বালানির জন্য বেশি অর্থ ব্যয় করতে হওয়ায় ভোটাররা বিষয়টি পছন্দ করেননি, যা নির্বাচনে রিপাবলিকানদের নেতিবাচক প্রভাব ফেলেছে।
তবে নির্বাচনের ফলাফলকে নিজের প্রেসিডেন্ট পদের জন্য ধাক্কা হিসেবে দেখছেন না ট্রাম্প। যদিও এরই মধ্যে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে তাঁর দল।
সূত্র: এনডিটিভি