জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রতিষ্ঠাকালীন নেতাদের একজন সামান্তা শারমিন দল থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে তিনি যুগ্ম আহ্বায়কের পদ ছেড়ে দিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠান। একই সঙ্গে তিনি দলের গ্রুপেও এই সিদ্ধান্তের কথা জানান।
জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গঠিত জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ছিলেন সামান্তা শারমিন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এনসিপির আত্মপ্রকাশের সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান। গত ২৩ অক্টোবর দলের পুনর্গঠিত কমিটিতে তাঁকে যুগ্ম আহ্বায়ক করা হয়। ওই কমিটিতে পদাবনতির প্রায় দুই সপ্তাহ পর তিনি দল ছাড়লেন।
পদত্যাগের কারণ হিসেবে তিনি দলের রাজনৈতিক অবস্থানের অস্পষ্টতা, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট এবং অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণপ্রক্রিয়ার প্রতি অসন্তোষের কথা উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ, নিজস্ব রাজনৈতিক পরিচয় স্পষ্ট না থাকায় এনসিপি ক্রমেই জামায়াতের প্রভাবে হারিয়ে যাচ্ছে। তিনি মনে করেন, বড় রাজনৈতিক দলের ‘লেজুড়’ হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় দলের স্বতন্ত্র সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাউন্সিল ছাড়া কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি তাঁর মতে, দলের রাজনৈতিক ভূমিকা নারীবিরোধী রক্ষণশীল প্রবণতার সঙ্গে মিলে যাচ্ছে।
ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে সামান্তা শারমিন জানান, এসব বিষয়ে তিনি বারবার পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু দল তার গতিপথ বদলাতে আগ্রহ দেখায়নি। এরপরই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন।
দল ছাড়ার পর তিনি একটি নতুন রাজনৈতিক উদ্যোগে যুক্ত হওয়ার ইঙ্গিত দিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, তরুণদের ঘিরে গড়ে ওঠা প্রত্যাশা ছিল এমন এক রাজনৈতিক শক্তির, যারা পুরোনো ক্ষমতাকাঠামোর পুনরাবৃত্তি করবে না। গণতন্ত্র, জাতীয় স্বার্থ, নারীর সমান অংশগ্রহণ ও অর্থনৈতিক ন্যায়বিচারের প্রশ্নগুলোকে সামনে রেখে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি আগ্রহী তরুণদের সঙ্গে আলোচনায় বসতে চান