নিজ দেশে যখন চরম উৎকন্ঠার মধ্যে দিন অতিবাহিত হয়, তখন উন্নত জীবনের স্বপ্ন নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আশ্রয় নেয় কানাডায়। বিশেষ করে গত ৩ বছর থেকে বাংলাদেশ থেকে ভিজিটর ভিসা নিয়ে কানাডায় আসা বেশির ভাগই রিফিউজি ক্লেইম করে আশ্রয় নিয়েছেন। কানাডায় আশ্রয় চাওয়া একজন মানুষের জন্য আবেদন জমা দেওয়ার পরের সময়টা কাটে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায়। অপেক্ষার প্রহর গুনতে হয় অনবরত।
তবে আবেদন থেকে শুনানি পর্যন্ত বিভিন্ন ধাপের জট কমাতে এবার পদ্ধতি পরিবর্তন করেছে কানাডা। নতুন ব্যবস্থায় আবেদনকারীর করণীয় ও সময়সীমা আরও স্পষ্ট করা হয়েছে। গত ৩ নভেম্বর থেকে কার্যকর হওয়া সংশোধিত বিধিমালার ঘোষণা দিয়েছেন অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক মন্ত্রী লেনা মেটলেজ ডায়াব। আবেদনগুলো দ্রুত শুনানির উপযোগী করাই এসব পরিবর্তনের উদ্দেশ্য।
যাঁরা ৩ নভেম্বরের আগে চূড়ান্তভাবে আশ্রয়ের আবেদন জমা দিয়েছেন, তাঁদের নতুন করে আবেদন করতে হবে না এবং আগের নিয়মেই তাঁদের আবেদন প্রক্রিয়া চলবে। এছাড়া যাঁরা ৩ নভেম্বরের আগে অনলাইনে ফরম পূরণ শুরু করেছিলেন কিন্তু জমা দেননি, তাঁদের আবেদন জমা দেওয়ার আগে নতুন কিছু প্রশ্নের উত্তর দিতে হবে এবং পূর্বে দেওয়া তথ্যগুলো পর্যালোচনা বা চেক করে নিতে হবে। তবে আগে সংরক্ষণ করা তথ্য মুছে যাবে না।
মোটকথা যাঁরা পুরোনো নিয়মে আবেদন করতে চেয়েছেন, তাঁদের ২ নভেম্বর রাত ১১:৫৯ মিনিটের মধ্যে তা জমা দেওয়ার সুযোগ ছিল। এর পর থেকে নতুন ফরম ও নিয়ম কার্যকর হয়েছে।
নতুন নিয়মে আবেদনকারীদের পোর্টালে অতিরিক্ত কিছু ব্যক্তিগত ও পারিবারিক তথ্য দিতে হবে, যাতে আবেদনগুলো সরাসরি ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ডের (IRB) কাছে দ্রুত পাঠানো যায়। এরপর সংশ্লিষ্ট ব্যক্তিকে সরাসরি সাক্ষাতের জন্য ডাকা হবে। অভিবাসন কর্মকর্তার সামনে সেই সাক্ষাতেই আনুষ্ঠানিকভাবে আশ্রয়ের আবেদন করা হবে। কর্মকর্তা যাচাই করবেন, আবেদনটি স্বাধীন ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ডে শুনানির জন্য পাঠানোর যোগ্য কি না।
যোগ্য বিবেচিত হলে আবেদনকারীকে আবেদন ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য ৬০ দিন সময় দেওয়া হবে। প্রয়োজন হলে মূল ৬০ দিন শেষ হওয়ার আগেই পোর্টালের মাধ্যমে একবার অতিরিক্ত ৩০ দিন সময় বাড়ানোর আবেদন করা যাবে। এই নির্ধারিত সময়সীমাটি শুধুমাত্র আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রযোজ্য; এই সময়ের মধ্যে আশ্রয়ের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার বাধ্যবাধকতা নেই।
যোগ্য আশ্রয়প্রার্থীরা পূর্ণাঙ্গ আশ্রয় আবেদন জমা দেওয়ার সময়ই কোনো আলাদা ফি বা আবেদন ছাড়াই সরাসরি কাজের অনুমতি চাইতে পারবেন। কাজের অনুমতির (ওয়ার্ক পারমিট) জন্য বাড়তি কোনো খরচ বা আলাদা কোনো ফর্ম পূরণ করতে হবে না।
পাশাপাশি কাজের অনুমতি পেতে হলে আবেদনকারীকে অবশ্যই অভিবাসন সংক্রান্ত স্বাস্থ্য পরীক্ষায় (ইমিগ্রেশন মেডিকেল এক্সাম) উত্তীর্ণ হতে হবে। আবেদন প্রক্রিয়া চলাকালীন বা অপেক্ষার সময়ে বৈধভাবে কাজ করার এই সাময়িক সুযোগটিকে নতুন বিধিমালায় স্থায়ী রূপ দেওয়া হয়েছে।
শিশু এবং আবেদন প্রক্রিয়া বুঝতে অক্ষম ব্যক্তিদের জন্য একজন নির্দিষ্ট প্রতিনিধি নিয়োগের আইনি ব্যবস্থা থাকবে। যেহেতু প্রতিনিধি কখন নিয়োগ করতে হবে, তাঁর দায়িত্ব ও কর্তব্য কী হবে এবং কতদিন পর্যন্ত তাঁর এই দায়িত্বের মেয়াদ থাকবে—তা নির্দিষ্ট বিধিমালা দ্বারা নির্ধারিত। সেহেতু বোর্ডে আনুষ্ঠানিকভাবে আবেদন পৌঁছানোর আগের প্রাথমিক ধাপ থেকেই এই সহায়তা পাওয়া যাবে।
আগে অনেক সময় দেখা যেত, রিফিউজি বা অভিবাসন আবেদনের চূড়ান্ত শুনানির দিন চলে এসেছে, কিন্তু আবেদনকারীর নিরাপত্তা বা অপরাধের ইতিহাস যাচাইয়ের কাজ সরকারিভাবে শেষ হয়নি। ফলে শুনানি স্থগিত বা বাতিল করতে হতো। নতুন নিয়মে বোর্ডে ফাইল পাঠানোর আগেই সব যাচাই সম্পন্ন করার বাধ্যবাধকতা রাখা হয়েছে যাতে সময় এবং সরকারি সম্পদের অপচয় না হয়।
আবেদনকারীকে অবশ্যই প্রতিটি ধাপ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। প্রাথমিক যোগ্যতা অর্জনের পর কেউ যদি মূল আবেদন জমা না দেন, পর্ষদ বা বোর্ড থেকে চাওয়া বাড়তি তথ্য সময়মতো না পাঠান, কিংবা নির্দিষ্ট ইন্টারভিউ/সাক্ষাৎকারে উপস্থিত না হন, তবে তার আবেদনটি বাতিল বা ‘পরিত্যক্ত’ হিসেবে গণ্য করার জন্য বোর্ডের কাছে পাঠানো হতে পারে।
তবে বোর্ড চূড়ান্তভাবে আবেদনটি বাতিল করার আগেই আবেদনকারী চাইলে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বা বাকি থাকা কাজগুলো শেষ করে আবেদনটি আবার সচল করার সুযোগ পাবেন।
আবেদন কারীকে সহায়তা দেওয়ার পাশাপাশি আবেদন ব্যবস্থাকে ন্যায্য, সুষ্ঠু ও কার্যকর রাখা জরুরি। নতুন নিয়মে আবেদনকারীরা কী করবেন এবং কখন করবেন, সে বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাবেন বলে আশা করছে সরকার। আবেদন যাচাই ও শুনানির অপেক্ষা বাস্তবে কতটা কমবে, তার ওপরই নির্ভর করবে এই পরিবর্তনের সাফল্য।
কানাডায় যারা আশ্রয় নিতে চান বা আশ্রয় নেয়ার ইচ্ছা রয়েছে তাদেরকে অবশ্যই “ইমিগ্রেশন, রিফিউজি এন্ড সিটিজেনশিপ কানাডা (IRCC)” র ওয়েবসাইটের নিয়মগুলো পড়ে নিবেন। প্রয়োজনে সার্টিফাইড কনসালটেন্ট অথবা ইমিগ্রেশন উকিলের সাথে পরামর্শ করতে পারেন।
তথ্যসূত্রঃ ইমিগ্রেশন, রিফিউজি এন্ড সিটিজেনশিপ কানাডা (IRCC)।