চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে তাকে বয়কটের ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাংবাদিকরা। এ দাবিতে জেলায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা পুলিশ লাইন সড়কে এ প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এ সময় তারা পরীমণির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সাংবাদিকদের সম্মান, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক শেখ হাবিবুর রহমান, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি আফরুজা লুনা, দৈনিক জন জাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হোসেন জিমু, সাঘাটা উপজেলার কালবেলার প্রতিনিধি আনোয়ার হোসেন আনোয়ার, গণমাধ্যমকর্মী ওমর ফারুক রনিসহ অন্যান্য সাংবাদিক নেতারা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ৫ নভেম্বর আদালত চত্বরে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুর বিরুদ্ধে অশালীন স্পর্শের অভিযোগ তুলে তাকে গালিগালাজ করেন চিত্রনায়িকা পরীমণি। বক্তাদের দাবি, ওই সাংবাদিকের একটি হাত প্রতিবন্ধী হওয়ায় তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়টি যথাযথভাবে তদন্ত করে দেখা প্রয়োজন।
বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের নানা অসংগতি তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক অপমান, হুমকি কিংবা হয়রানির শিকার হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের সম্মান ও পেশাগত মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে কাজ করার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
সমাবেশ থেকে চিত্রনায়িকা পরীমণিকে বয়কটের ঘোষণা দেন সাংবাদিকরা। পাশাপাশি সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা রক্ষায় তাদের প্রতিবাদী কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।