পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বড় ধরনের বাণিজ্য ঘাটতি কমাতে দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ঢাকা। এ লক্ষ্যে শুল্ক ও শুল্কবহির্ভূত প্রতিবন্ধকতা দূর করার প্রস্তাব নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১ ও ২ ডিসেম্বর ইসলামাবাদে দুই দেশের বাণিজ্যবিষয়ক যৌথ কর্মদলের (জেডব্লিউজিটি) প্রথম বৈঠকে এসব বিষয় গুরুত্ব পাবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বিশেষভাবে ওষুধ ও খাদ্যপণ্যের বাজার প্রবেশাধিকার, পণ্যের মান নিয়ন্ত্রণ, শুল্কায়ন এবং কাস্টমস প্রক্রিয়া সহজ করার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব তুলে ধরা হবে।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাকিস্তানের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো আলোচনায় আনা হবে। বিশেষ করে ওষুধ ও খাদ্যপণ্যের ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ, কারিগরি বিধিবিধান এবং স্বাস্থ্য ও উদ্ভিদ স্বাস্থ্যসংক্রান্ত শর্ত (এসপিএস) নিয়ে বিদ্যমান জটিলতা নিরসনের ওপর গুরুত্ব দেওয়া হবে। এসব বাধা কমানো সম্ভব হলে পাকিস্তানে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যৌথ কর্মদলের বৈঠকে বাংলাদেশি পণ্যের জন্য পাকিস্তানের বাজার আরও উন্মুক্ত করার পাশাপাশি রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
বর্তমানে পাকিস্তান থেকে বাংলাদেশে মূলত তুলা, বস্ত্রের কাঁচামাল, রাসায়নিক পণ্য, সিমেন্ট ক্লিংকারসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানি করা হয়। বিপরীতে বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি হয় পাট ও পাটজাত পণ্য, ওষুধ, চা, হাইড্রোজেন পার-অক্সাইড এবং তৈরি পোশাক।বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, পাকিস্তানের বাজারে নিয়ন্ত্রক জটিলতা দূর করার পাশাপাশি কাস্টমস কার্যক্রম সহজ করা গেলে বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে। এর মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কেও ভারসাম্য আনা সম্ভব হতে পারে।
এদিকে পাকিস্তান সরকারের আমন্ত্রণে দেশটি সফর করতে পারেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন থেকে ঢাকাকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীকে আতিথ্য দিতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান সরকার। প্রস্তাবিত সফরকালে বাংলাদেশের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং পাকিস্তানের ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের আগ্রহ জানিয়েছে পাকিস্তান। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরের প্রস্তাবও দেওয়া হয়েছে।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের রাষ্ট্রীয় বাণিজ্য সংস্থার মধ্যে সহযোগিতার একটি কাঠামো গড়ে উঠতে পারে। এর আওতায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি-রপ্তানি এবং পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, যৌথ কর্মদলের বৈঠকের পাশাপাশি মন্ত্রী পর্যায়ের সফরও দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারে।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশে প্রায় ৬৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করে পাকিস্তান। এর মধ্যে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল, সুতা-কাপড় ও প্রস্তুত চামড়ার পরিমাণ ছিল প্রায় ৭৯ শতাংশ। অন্যদিকে একই সময়ে বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি হওয়া পণ্যের মূল্য ছিল ৬ কোটি ডলারের কিছু বেশি। এসব পণ্যের মধ্যে ছিল কাঁচা পাট, ওষুধ, হাইড্রোজেন পার-অক্সাইড, চা ও তৈরি পোশাক। এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে পাকিস্তান বাংলাদেশে ৭১ কোটি ৫৬ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে। বিপরীতে বাংলাদেশ থেকে পাকিস্তানের আমদানির পরিমাণ ছিল ৬ কোটি ৭২ লাখ ডলার।
বাণিজ্য আলোচনার কৌশল নির্ধারণে অর্থনৈতিক বাস্তবতা ও তুলনামূলক সুবিধাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক হেলাল উদ্দিন।
তিনি আমার দেশকে বলেন, যেকোনো দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা ও দর-কষাকষি হতে হবে অর্থনৈতিক স্বার্থ এবং বাস্তবতার ভিত্তিতে। অর্থনৈতিক ভিত্তি বিবেচনা না করে কোনো চুক্তি করা হলে তা দীর্ঘ মেয়াদে টেকসই হয় না। আন্তর্জাতিক বাণিজ্যে তুলনামূলক সুবিধা (কমপারেটিভ অ্যাডভান্টেজ) বিবেচনায় নিয়ে আমদানি-রপ্তানির কৌশল নির্ধারণ করা প্রয়োজন। অধ্যাপক হেলাল উদ্দিন বলেন, পাকিস্তানের সঙ্গে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন ট্রেডের (জেডব্লিউজিটি) বৈঠকে বাংলাদেশ যেসব পণ্য তুলনামূলক সহজে ও কম খরচে আমদানি করতে পারে, সেসব বিষয়ে দর-কষাকষিতে গুরুত্ব দেওয়া উচিত। একই সঙ্গে যেসব পণ্য রপ্তানিতে বাংলাদেশের সম্ভাবনা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা রয়েছে, সেগুলোর বাজার সম্প্রসারণেও মনোযোগ দিতে হবে। এ ক্ষেত্রে উভয় দেশকেই নিজেদের স্বার্থ বিবেচনায় কিছু কিছু বিষয়ে ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে।
বাণিজ্য আলোচনায় শুধু সামগ্রিক বাণিজ্য ঘাটতিকে প্রধান বিবেচ্য বিষয় হিসেবে দেখার পক্ষেও নন এই অর্থনীতিবিদ। তাঁর মতে, কোনো দেশে বাংলাদেশের রপ্তানির ভালো বাজার থাকলে সেখানে আমদানি বাড়ানোর পরিবর্তে রপ্তানি সম্প্রসারণে গুরুত্ব দেওয়া প্রয়োজন। আবার যেসব দেশ থেকে তুলনামূলক সুবিধায় পণ্য আমদানি করা সম্ভব, সেসব ক্ষেত্রে কার্যকর দর-কষাকষি করতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নির্ধারণে পণ্যভিত্তিক সুবিধা ও অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য চুক্তি ও শুল্কনীতি নির্ধারণের ক্ষেত্রে অর্থনৈতিক বাস্তবতা যথাযথভাবে বিবেচনা করতে পারেননি। এর রাজনৈতিক মূল্যও তাঁকে দিতে হচ্ছে, যার প্রতিফলন মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে দেখা