পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রাম পুলিশ (মহল্লাদার) শংকর হাওলাদার। গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬ উপলক্ষে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা সনদ গ্রহণ করেন।
শংকর হাওলাদার দীর্ঘদিন ধরে গ্রাম পুলিশ হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। নিয়মিত থানার চৌকিদার প্যারেডে অংশগ্রহণের পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশ, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দায়িত্বশীলতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করেছেন।
এ ছাড়া স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শংকর হাওলাদারের কর্মতৎপরতা ও সহযোগিতায় ২০২৬ সালের জুলাই মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন (০-১ বছর) কার্যক্রমে রতনদী তালতলী ইউনিয়ন সারাদেশে প্রথম স্থান অর্জন করে। একই সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গলাচিপা উপজেলা দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে। এ সাফল্যে বিশেষ অবদান রাখায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালনে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ এবার গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬-এ প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা সনদ অর্জন করেন শংকর হাওলাদার।
তাঁর এ অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে। সংশ্লিষ্টদের মতে, একজন গ্রাম পুলিশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা এবং সরকারি কার্যক্রম বাস্তবায়নে তাঁর সততা ও কর্মদক্ষতা অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।