নরসিংদীর শিবপুরে নকল ব্যান্ড রোল ব্যবহার করে বিড়ি উৎপাদন ও সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে একাধিক কারখানায় যৌথ অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে প্রায় ১২ লাখ টাকা মূল্যের নকল ব্যান্ড রোল জব্দ করা হয়েছে। এ সময় নকল ব্যান্ড রোল সরবরাহকারী চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত নেপাল দত্তকে আটক করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর ২০২৬) এনএসআইয়ের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং সংস্থাটির সরাসরি অংশগ্রহণে শিবপুর উপজেলার কামরাবো বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এনএসআই সদস্যদের পাশাপাশি নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অংশ নেয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন শিবপুরের সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নকল ব্যান্ড রোল ব্যবহার করে বিড়ি উৎপাদনের মাধ্যমে সরকার নির্ধারিত শুল্ক ও কর ফাঁকি দেওয়া হচ্ছিল। বৈধ ব্যান্ড রোলের পরিবর্তে নকল ব্যান্ড রোল ব্যবহার করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ ধরনের অবৈধ কার্যক্রমের ফলে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে বৈধ উৎপাদকরা বাজারে অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন। এতে সামগ্রিক রাজস্ব ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব পড়ছে।
প্রাথমিকভাবে জানা গেছে, আটক নেপাল দত্তের মাধ্যমে নকল ব্যান্ড রোল সরবরাহের একটি চক্র পরিচালিত হয়ে আসছিল। অভিযানে জব্দ করা নকল ব্যান্ড রোলের পরিমাণ ও আর্থিক মূল্য নির্ধারণ এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে কার্যক্রম চলছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।