কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং হাইব্রিড নেতাদের নির্মূলের ঘোষণা দিয়েছেন আয়োজক নেতারা।
পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার সাদ্দাম মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি মোফাখখারুল ইসলাম রাশেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হাসান সোহেল মনা, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান হাফিজুর রহমান লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব মাইদুল হোসাইন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা রোকনুজ্জামান রোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার পথ উন্মুক্ত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে নেতাকর্মীরা দেশের গণতান্ত্রিক অধিকার ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন।
তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের সময়ে বিভিন্ন বাধা-নিষেধ উপেক্ষা করে আন্দোলন-সংগ্রাম করেছেন, তাদের অবমূল্যায়ন করা হলে তা দলের জন্য ক্ষতিকর হবে। বিএনপিতে হাইব্রিড নেতাদের নির্মূল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।
নেতৃবৃন্দ জানান, আজকের এই আয়োজনের কারণে যদি কাউকে বহিষ্কার করা হয়, তবুও তারা ঐক্যবদ্ধভাবে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতি করে যাবেন। তারা বলেন, অতীতেও বিভিন্ন বাধা-নিষেধ উপেক্ষা করে রাজনীতি করেছেন, রাজপথে ছিলেন এবং প্রতিবাদ জানিয়েছেন। ভবিষ্যতেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক আদর্শ অনুসরণ করে রাজনীতি চালিয়ে যাবেন। দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর কুড়িগ্রাম জেলায় সব উপজেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়। পরদিন ৮ নভেম্বর উপজেলা বিএনপির আহ্বানে জেলার কয়েজন নের্তৃবৃন্দের উপস্থিততে সংহতি দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হলেও অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত হননি বলে জানা যায়। পূর্বে ঘোষিত উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের উদ্যোগে ৯ নভেম্বর পৃথকভাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।