বলিউডে নিজের অভিনয় দক্ষতা ও স্বতন্ত্র উপস্থিতির মাধ্যমে দীর্ঘ দুই দশক ধরে দর্শকদের নজরে রয়েছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। মডেলিং, মিউজিক ভিডিও, চলচ্চিত্র ও ওয়েব সিরিজ—বিনোদনের বিভিন্ন মাধ্যমে কাজ করে গড়ে তুলেছেন নিজের অবস্থান। এবার সালমান খানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এ অভিনয়ের মধ্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। অভিনয়জীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন, ক্যারিয়ারের উত্থান-পতন এবং সম্পদের পরিমাণ শৈশব ও পারিবারিক জীবন
১৯৭৬ সালের ২৮ মার্চ ভারতের উত্তর প্রদেশের মিরাটে জন্ম চিত্রাঙ্গদা সিংয়ের। তাঁর বাবা নিরঞ্জন সিং ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। বাবার পেশাগত দায়িত্বের কারণে ছোটবেলায় পরিবারের সঙ্গে বিভিন্ন শহরে বসবাস করতে হয়েছে তাঁকে। অন্যদিকে তাঁর মা ছিলেন গৃহিণী।
মডেলিং দিয়ে পথচলা শুরু
দিল্লিতে মডেলিংয়ের মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন চিত্রাঙ্গদা। পরবর্তী সময়ে টেলিভিশন বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে কাজ করে পরিচিতি অর্জন করেন। পরিচালক গুলজারের ‘সানসেট পয়েন্ট’ মিউজিক ভিডিওতে অংশ নেওয়ার পর তাঁর জনপ্রিয়তা আরও বাড়ে। সেই পরিচিতিই চলচ্চিত্রে কাজের সুযোগ তৈরি করে দেয়। ২০০৫ সালে পরিচালক সুধীর মিশ্রের ‘হাজারো খোয়াইশেঁ অ্যায়সি’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। ছবিতে গীতা রাও চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা পান। অভিনয়ের ধরন ও ব্যক্তিত্বের কারণে সে সময় কিংবদন্তি অভিনেত্রী স্মিতা পাতিলের সঙ্গেও তাঁর তুলনা করা হয়েছিল।
বিয়ে, সন্তান ও বিচ্ছেদ
ব্যক্তিগত জীবনে প্রখ্যাত গলফার জ্যোতি রান্ধাওয়ার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল চিত্রাঙ্গদার। ২০০১ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিশোর বয়স থেকেই তাঁদের পরিচয় ছিল। জ্যোতি ছিলেন চিত্রাঙ্গদার বড় ভাই দিগ্বিজয় সিংয়ের বন্ধু।
২০০৮ সালে তাঁদের ঘরে জন্ম নেয় একমাত্র ছেলে জ্যোরাওয়ার। সন্তানের যত্ন ও পারিবারিক দায়িত্ব পালনে কিছু সময়ের জন্য অভিনয় থেকে দূরে সরে যান তিনি। পরে ২০১৪ সালে জ্যোতি রান্ধাওয়ার সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। চলচ্চিত্রে নানা ধরনের চরিত্র
২০০৮ সালে ‘সরি ভাই!’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরে আসেন চিত্রাঙ্গদা। এরপর ২০১১ সালে সুধীর মিশ্র পরিচালিত ‘ইয়ে সালি জিন্দগি’ ছবিতে অভিনয় করে ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ সংযোজন ঘটান।
একই বছর অক্ষয় কুমার ও জন আব্রাহামের বিপরীতে ‘দেশি বয়েজ’ সিনেমায় অভিনয় করেন তিনি। ২০১৩ সালে ‘ইনকার’ ছবিতে অর্জুন রামপালের সঙ্গে কাজ করেন। করপোরেট জগতের ক্ষমতার দ্বন্দ্ব ও যৌন হয়রানির মতো সংবেদনশীল বিষয় উঠে আসে সিনেমাটিতে।
এ ছাড়া ‘আই, মি অউর ম্যায়’, ‘গব্বর ইজ ব্যাক’, ‘মুন্না মাইকেল’, ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার ৩’ এবং ‘বাজার’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। ‘বাবুমশাই বন্দুকবাজ’ নিয়ে বিতর্ক
২০১৭ সালে ‘বাবুমশাই বন্দুকবাজ’ সিনেমার শুটিং চলাকালে পরিচালক কুশান নন্দীর সঙ্গে মতবিরোধে জড়ান চিত্রাঙ্গদা। সহশিল্পী নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে পোশাকসংক্রান্ত বিষয়ে অস্বস্তি প্রকাশ করেন তিনি। এ নিয়ে পরিচালকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর শুটিং সেট ত্যাগ করেন এবং সিনেমাটি থেকে সরে দাঁড়ান। পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে অভিনয় করেন বিদিতা বাগ।
প্রযোজনা ও ওয়েব সিরিজে কাজ
অভিনয়ের বাইরে প্রযোজনাতেও যুক্ত হয়েছেন চিত্রাঙ্গদা। ২০১৮ সালে ভারতীয় হকি খেলোয়াড় সন্দ্বীপ সিংয়ের জীবনীভিত্তিক ‘সূর্যমা’ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে যাত্রা শুরু করেন তিনি। ছবিটিতে অভিনয় করেছিলেন দিলজিৎ দোসাঞ্জ ও তাপসী পান্নু।
ওটিটি মাধ্যমেও নিয়মিত কাজ করেছেন এই অভিনেত্রী। ২০২১ সালে অভিষেক বচ্চনের সঙ্গে ‘বব বিশ্বাস’ সিনেমায় অভিনয় করেন। পরের বছর ‘মডার্ন লাভ মুম্বাই’ অ্যান্থোলজি সিরিজ ও ‘গ্যাসলাইট’-এ দেখা যায় তাঁকে। ২০২৫ সালে নেটফ্লিক্সের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজেও অভিনয় করেন তিনি।
সম্পদের পরিমাণ ও নতুন সিনেমা
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন ও প্রচারণামূলক কাজ থেকেও আয় করেন চিত্রাঙ্গদা। বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় ৪০ কোটি ভারতীয় রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৬ কোটি টাকা।
দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে নিজেকে উপস্থাপন করা চিত্রাঙ্গদার সামনে এবার নতুন প্রজেক্ট ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। সালমান খানের সঙ্গে এই সিনেমায় তাঁর অভিনয়কে ঘিরে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। নতুন এই কাজ তাঁর ক্যারিয়ারে কতটা প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।