সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তাঁর ভাষ্য, শেখ হাসিনা দেশে ফিরবেন না, বিষয়টি সবাই বুঝতে পারেন। একই সঙ্গে ভারত সরকার চাইলে তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা উল্লেখ করেন আসিফ নজরুল।
পোস্টে তিনি বলেন, বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা ভুল করেছেন। এর অর্থ, দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি রয়েছে বলে তিনি মনে করছেন। তবে শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী। তাঁকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতকে চিঠি দিয়েছে। আসিফ নজরুল আরও বলেন, প্রত্যর্পণের জন্য অনুরোধ জানানো একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাঁকে দণ্ডিত অপরাধী হিসেবেই ফিরতে হবে। এ ক্ষেত্রে পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলে তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, পাসপোর্ট চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা প্রত্যর্পণের বিষয়টি সহজ করে দিয়েছেন। এখন বাংলাদেশ সরকার বলতে পারে, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত রয়েছে বলেই তিনি দেশে ফেরার সাহস করছেন। ফলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারের অজুহাতে তাঁকে ফেরত না দেওয়ার যুক্তি আর গ্রহণযোগ্য থাকবে না। এ বিষয়ে ভারত সরকারের কাছে আরও জোরালোভাবে বক্তব্য উপস্থাপনের সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি।
পোস্টের শেষাংশে শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ নজরুল লেখেন, তিনি দেশে ফিরবেন না, এটি সবাই বোঝেন। শুধু শুধু দেশে ফেরার প্রসঙ্গ তুলে দলের সাধারণ নেতাকর্মীদের বিপদ বাড়াচ্ছেন।