ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হলের মাঠে একটি রহস্যজনক বাক্স উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাদা ব্যাগে মোড়ানো ও লাল টেপ দিয়ে আটকানো বাক্সটির ভেতরে পাওয়া গেছে গোলাপ ফুল এবং বিভিন্ন বার্তা ও হুমকিসংবলিত একটি চিঠি। চিঠিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রশাসন ও পুলিশকে উদ্দেশ করে একাধিক বক্তব্য তুলে ধরা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে হলের মাঠে অশ্বত্থ গাছের নিচ থেকে বাক্সটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
উদ্ধার করা চিঠিতে রাজনৈতিক বিবেচনায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তোলা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেওয়া হয়। একই সঙ্গে ‘অবৈধ সরকারের অবৈধ হুলিয়া’ পালন না করার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে বাক্সটি কারা সেখানে রেখে গেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। চিঠির শুরুতে ‘November Rain’-এর শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, ২৪-এর মিসক্রিয়েন্ট এবং মহান মুক্তিযুদ্ধবিরোধী ছাড়া অন্যদের অবস্থান অভিন্ন। দলমত নির্বিশেষে দেশরক্ষা ও দেশমাতৃকার জন্য লড়াইকে সবার অভিন্ন প্রত্যাশা হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক বিবেচনায় শত শত শিক্ষার্থীর শিক্ষাজীবন নষ্ট করার সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
চিঠির পরবর্তী অংশে ‘আজকে false sample দিলাম, সামনের দিন সামনাসামনি কথা হবে’ উল্লেখ করে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। এতে আরও বলা হয়, ‘অবৈধ সরকারের অবৈধ হুলিয়া’ মেনে নিয়ে নিজেদের বিপদে না জড়ানোর জন্য। চিঠিতে ‘It’s your eleventh hour!’ কথাটিও লেখা ছিল। পাশাপাশি চিঠিটি পড়ার সময়ও সংশ্লিষ্ট ব্যক্তির পাশে থেকে সবকিছু জানান দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া চিঠিতে ‘বোমা-বারুদের নষ্ট রাজনীতি করা ভাইয়ার ২১শে আগস্টের রেকর্ড, আমাদের না’ লেখা রয়েছে। বাক্সে রাখা ফুলের পাপড়ির সঙ্গে নিজেদের তুলনা করে চিঠিতে নিজেদের চিরসুবাসিত ও অনেক বেশি শক্তিশালী বলেও দাবি করা হয়েছে। শেষাংশে লেখা হয়েছে, ‘It’s coming home, সকল শোষণের জবাব খুব দ্রুতই দেওয়া হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে মুহসিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শাহ শামীম আহমেদ বলেন, ‘আমি আজ ছুটিতে আছি। আমি ঢাকার বাইরে ছিলাম। এইমাত্র ঢাকায় ঢুকতেছি। আমি খোঁজ নিয়ে দেখছি।’
অন্যদিকে, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আমাদের একটি টিম গিয়েছিল, একটি চিরকুট পাওয়া গেছে। চিঠিতে নভেম্বরের শুভেচ্ছা উল্লেখ করে কিছু লেখা রয়েছে।’
চিঠির তথ্যের উৎস ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, ‘কীভাবে তথ্য পেয়েছি, গোপনীয়তা রক্ষার্থে বলা যাবে না। আমরা জিডিতে নোট দিয়ে রাখব।’