রান্না কিংবা খাবার সংরক্ষণ—দুই ক্ষেত্রেই রান্নাঘরে অ্যালুমিনিয়াম ফয়েলের ব্যবহার বেশ পরিচিত। খাবার মুড়িয়ে ফ্রিজে রাখা, মাছ-মাংস বেক করা কিংবা রান্না করা খাবার দীর্ঘক্ষণ গরম রাখতে অনেকেই এটি ব্যবহার করেন। তবে ফয়েলের দুই পাশের রং ও উজ্জ্বলতায় পার্থক্য থাকায় অনেকের মনেই প্রশ্ন জাগে, খাবারের সংস্পর্শে কোন পিঠটি রাখা নিরাপদ? চকচকে দিকটি কি অনুজ্জ্বল দিকের তুলনায় বেশি তাপ ধরে রাখতে পারে?
উৎপাদন প্রক্রিয়ায় তৈরি হয় দুই পিঠের পার্থক্য
অ্যালুমিনিয়াম ফয়েলের এক পাশ চকচকে এবং অন্য পাশ অনুজ্জ্বল হওয়ার পেছনে রয়েছে এর উৎপাদনপ্রক্রিয়া। ফয়েল তৈরির সময় অ্যালুমিনিয়ামের পুরু পাতকে কয়েক ধাপে রোলারের মধ্য দিয়ে চালিয়ে ক্রমশ পাতলা করা হয়। শেষ পর্যায়ে পাতটি অত্যন্ত সরু ও পাতলা হয়ে যাওয়ায় দুটি স্তর একসঙ্গে রোলারের মধ্যে দিয়ে নেওয়া হয়।
এ সময় রোলারের সংস্পর্শে থাকা অংশটি মসৃণ ও চকচকে হয়। বিপরীত পাশটি তুলনামূলক অনুজ্জ্বল থেকে যায়। ফলে দুই পিঠের এই পার্থক্য মূলত উৎপাদন কৌশলের কারণে তৈরি হয়। উপাদানের দিক থেকে উভয় পাশই একই অ্যালুমিনিয়ামের তৈরি।
সাধারণ ফয়েলের কোন পিঠে খাবার রাখবেন?
সাধারণ অ্যালুমিনিয়াম ফয়েলের ক্ষেত্রে চকচকে কিংবা অনুজ্জ্বল—যেকোনো পাশেই খাবার রাখা যায়। কারণ, দুই পিঠের মধ্যে এমন কোনো উল্লেখযোগ্য কার্যকর পার্থক্য নেই, যা খাবারের গুণমান কিংবা রান্নার ফলাফলে বিশেষ প্রভাব ফেলে।
পরোটা বা অন্য খাবার মুড়িয়ে রাখা, মাছ-মাংস বেক করা কিংবা রান্নার পাত্র ঢেকে দেওয়ার ক্ষেত্রে কোন পাশটি খাবারের সংস্পর্শে থাকছে, তা নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই। একইভাবে চকচকে পাশ বেশি তাপ ধরে রাখে—এমন ধারণারও সাধারণ ফয়েলের ক্ষেত্রে বিশেষ ভিত্তি নেই।
নন-স্টিক ফয়েলে রয়েছে ভিন্ন নির্দেশনা
তবে নন-স্টিক অ্যালুমিনিয়াম ফয়েলের ক্ষেত্রে বিষয়টি আলাদা। এই ধরনের ফয়েলের এক পাশে বিশেষ নন-স্টিক আবরণ দেওয়া থাকে, যার ফলে খাবার ফয়েলের গায়ে সহজে আটকে যায় না।
সাধারণত এই প্রলেপযুক্ত পাশটি অনুজ্জ্বল হয়ে থাকে। তাই এ ধরনের ফয়েল ব্যবহারের সময় খাবার কোন পাশে রাখতে হবে, তা পণ্যের প্যাকেটের নির্দেশনা দেখে নিশ্চিত হওয়া জরুরি। প্রস্তুতকারকের নির্দেশ অনুযায়ী প্রলেপযুক্ত পাশটি খাবারের সংস্পর্শে রাখতে হবে।
সব মিলিয়ে, সাধারণ অ্যালুমিনিয়াম ফয়েলের চকচকে ও অনুজ্জ্বল—দুই পাশই খাবার মোড়ানো ও রান্নার কাজে ব্যবহার করা যায়। তবে নন-স্টিক ফয়েলের ক্ষেত্রে প্যাকেটের নির্দেশনা অনুসরণ করাই সঠিক পদ্ধতি।