বিজ্ঞানীদের দীর্ঘদিনের ধারণায় নতুন প্রশ্ন | অতি দ্রুত ঘূর্ণনই খুলে দিতে পারে কৃষ্ণগহ্বরের বিভাজনের রহস্য
মহাবিশ্বের অন্যতম রহস্যময় বস্তু ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। এর প্রবল মহাকর্ষীয় আকর্ষণ থেকে আলো পর্যন্ত বের হতে পারে না। এত দিন বিজ্ঞানীদের ধারণা ছিল, দুটি ব্ল্যাক হোল একে অপরের সঙ্গে মিশে আরও বড় হতে পারে। কিন্তু একটি ব্ল্যাক হোল ভেঙে দুটি পৃথক ব্ল্যাক হোলে পরিণত হওয়া কার্যত অসম্ভব। এবার সেই প্রচলিত ধারণায় নতুন প্রশ্ন তুলেছে বিজ্ঞানীদের একটি গবেষণা।
নতুন গবেষণায় উঠে এসেছে, বিশেষ পরিস্থিতিতে অত্যন্ত দ্রুত ঘূর্ণনরত একটি ব্ল্যাক হোল তাত্ত্বিকভাবে দুটি ছোট ব্ল্যাক হোলে বিভক্ত হতে পারে। তবে এখন পর্যন্ত মহাকাশে এমন কোনো ঘটনা সরাসরি পর্যবেক্ষণ করা যায়নি। গবেষণাটি প্রকাশিত হয়েছে পদার্থবিজ্ঞানের গবেষণা সাময়িকী Physical Review D-তে।
বিষয়টি বুঝতে হলে প্রথমে ব্ল্যাক হোলের প্রকৃতি সম্পর্কে জানা প্রয়োজন। ব্ল্যাক হোল হলো মহাকাশের এমন এক অঞ্চল, যেখানে মহাকর্ষীয় আকর্ষণ এতটাই প্রবল যে আলোও সেখান থেকে ফিরে আসতে পারে না। এর চারপাশে থাকা যে সীমানা অতিক্রম করলে আর ফিরে আসার সুযোগ থাকে না, তাকে বলা হয় ইভেন্ট হরাইজন।
ব্ল্যাক হোলের বিভাজনকে এত দিন অসম্ভব মনে করার পেছনে রয়েছে পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ নীতি। সেটি হলো এনট্রপি বা বিশৃঙ্খলার পরিমাপসংক্রান্ত ধারণা। ব্ল্যাক হোলের এনট্রপি তার ইভেন্ট হরাইজনের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে সম্পর্কিত।
পদার্থবিদ স্টিফেন হকিংয়ের প্রস্তাবিত ব্ল্যাক হোল এরিয়া থিওরেম অনুযায়ী, ধ্রুপদি সাধারণ আপেক্ষিকতার কাঠামোয় কোনো ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের মোট ক্ষেত্রফল কমতে পারে না। দুটি ব্ল্যাক হোল একত্র হয়ে একটি বড় ব্ল্যাক হোলে পরিণত হলে এই নীতির সঙ্গে সামঞ্জস্য থাকে। কিন্তু একটি ব্ল্যাক হোল দুটি ছোট ব্ল্যাক হোলে ভাগ হয়ে গেলে ক্ষেত্রফলসংক্রান্ত এই নীতির সঙ্গে জটিলতা তৈরি হয়। এ কারণেই দীর্ঘদিন ধরে ব্ল্যাক হোলের একীভূত হওয়ার সম্ভাবনা নিয়ে গবেষণা হলেও এর বিভাজনকে অসম্ভব বলেই বিবেচনা করা হয়েছে।
তবে নতুন গবেষণায় আলোচনায় এসেছে ব্ল্যাক হোলের ঘূর্ণনগতির বিষয়টি। বিজ্ঞানীদের বিশ্লেষণ বলছে, কোনো ব্ল্যাক হোল যদি তার সম্ভাব্য সর্বোচ্চ সীমার কাছাকাছি গতিতে ঘুরতে থাকে, তাহলে বিশেষ কিছু শর্তে তার আচরণ প্রচলিত ধারণার চেয়ে ভিন্ন হতে পারে।
গবেষণায় এই সম্ভাবনা ব্যাখ্যা করতে ব্যবহার করা হয়েছে ‘পেয়ার-অব-প্যান্টস টপোলজি’ ধারণা। বিষয়টি বোঝাতে ট্রাউজারের আকৃতির উদাহরণ দেওয়া হয়েছে। যেমন একটি ট্রাউজারের ওপরের অংশ এক থাকলেও নিচের দিকে দুটি পৃথক অংশ রয়েছে। তেমনি একটি মূল ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন তাত্ত্বিকভাবে দুটি পৃথক অংশে বিভক্ত হওয়ার মতো কাঠামো তৈরি করতে পারে।
গবেষণায় এই সম্ভাবনা ব্যাখ্যা করতে ব্যবহার করা হয়েছে ‘পেয়ার-অব-প্যান্টস টপোলজি’ ধারণা। বিষয়টি বোঝাতে ট্রাউজারের আকৃতির উদাহরণ দেওয়া হয়েছে। যেমন একটি ট্রাউজারের ওপরের অংশ এক থাকলেও নিচের দিকে দুটি পৃথক অংশ রয়েছে। তেমনি একটি মূল ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন তাত্ত্বিকভাবে দুটি পৃথক অংশে বিভক্ত হওয়ার মতো কাঠামো তৈরি করতে পারে।
এর অর্থ অবশ্য এই নয় যে দ্রুত ঘূর্ণনরত প্রতিটি ব্ল্যাক হোলই ভেঙে দুটি হয়ে যাবে। গবেষণাটি নির্দিষ্ট কিছু শর্তের অধীনে এমন একটি সম্ভাবনার কথা তুলে ধরেছে। বাস্তবে এই প্রক্রিয়া ঘটতে পারে কি না, তা এখনো পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি।
তবু মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বস্তুগুলোর একটি নিয়ে নতুন এই তাত্ত্বিক ধারণা ব্ল্যাক হোলের গঠন, ঘূর্ণন ও বিবর্তন সম্পর্কে বিজ্ঞানীদের গবেষণায় নতুন আলোচনার সুযোগ তৈরি করেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও Physical Review D