লেখক: মো. মুখলেছুর রহমান
ইসলামী ফাইন্যান্স বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, সমাজ ও রাষ্ট্রচিন্তক, ভূরাজনৈতিক বিশ্লেষক এবং মানবাধিকারকর্মী
জনবহুল দেশ হিসেবে বাংলাদেশে জমি মানুষের জীবনের অন্যতম মূল্যবান সম্পদ। অথচ সেই জমির মালিকানা সংরক্ষণ, নামজারি, সীমানা নির্ধারণ, খতিয়ান সংশোধন কিংবা নকশা সংগ্রহ করতে গিয়ে সাধারণ মানুষকে অধিকাংশ ক্ষেত্রেই দুর্নীতি, হয়রানি ও দালালচক্রের মুখোমুখি হতে হয়। ভূমি অফিসে সেবা নিতে গিয়ে মানুষকে নিজের ন্যায্য অধিকার পাওয়ার পরিবর্তে একশ্রেণির কর্মকর্তা-কর্মচারীর দয়ার ভিখারী হতে হয়, যা কোনো সভ্য মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্রের ক্ষেত্রে অকল্পনীয়; অচিন্তনীয়, অগ্রহণযোগ্য এবং মানবতার জন্য কলংকজনক।
রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের একজন সার্ভেয়ারকে ঘুষের এক লাখ টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটকের ঘটনা ভূমি প্রশাসনের দুর্নীতির ভয়াবহ চিত্র আবারও সামনে এনেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি পৃথকীকরণ এবং নকশা প্রস্তুতের বিনিময়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. মনিরুল ইসলামের কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ ওঠে সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের বিরুদ্ধে।
ঘটনার বিবরণ আরও উদ্বেগজনক। মনিরুল ইসলাম লালবাগের চর-কামরাঙ্গী মৌজায় বিভিন্ন দাগে অবস্থিত মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেছিলেন। জমির সীমানা নির্ধারণ ও স্কেচম্যাপ প্রস্তুতের জন্য তিনি ২০২৬ সালের ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। কিন্তু প্রায় ছয় মাস সংশ্লিষ্ট ভূমি কার্যালয়ে যোগাযোগ করেও কাজ সম্পন্ন করতে পারেননি। একপর্যায়ে সার্ভেয়ার আসাদুলের সঙ্গে যোগাযোগের পর ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ ওঠে। পরে দুদকের পরিকল্পিত ফাঁদ অভিযানে ৩ নভেম্বর এক লাখ টাকা গ্রহণের সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়। দেশে সংঘটিত হাজার হাজার ঘটনার মধ্যে এটি একটি ছুট্ট ঘটনা মাত্র।
৯ নভেম্বর প্রকাশিত সংবাদ অনুযায়ী, আদালত সার্ভেয়ার আসাদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণের ঘটনায় মামলা হয়েছে। অর্থাৎ ঘটনাটি এখন কেবল সংবাদমাধ্যমে প্রকাশিত অভিযোগের পর্যায়ে সীমাবদ্ধ নেই; আইনগত তদন্তও শুরু হয়েছে।
কিন্তু ঘটনাটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে সার্ভেয়ারের একটি বক্তব্য। আটকের পর তিনি দাবি করেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের নির্দেশেই তিনি ঘুষ গ্রহণ করেছেন। এমনকি সংশ্লিষ্ট এসিল্যান্ডকেও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অবশ্য এই বক্তব্যের সত্যতা এখনো আদালতে প্রমাণিত না হলেও জনগণ বিশেষত ভুক্তভোগীরা এসব ঘটনাকে খুব কমই অসত্য মনে করেন।
অভিযোগ যে অত্যন্ত গুরুতর তা অস্বীকার করার জো নেই। এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া অবশ্যই প্রয়োজন।
দুর্নীতি কি একজন কর্মচারীর, নাকি পুরো ব্যবস্থার?
একজন সার্ভেয়ার যদি ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ঘুষ গ্রহণ করে থাকেন, তাহলে প্রশ্ন উঠবে—ঘুষের অর্থ কার কাছে যাওয়ার কথা ছিল? অর্থ বণ্টনের কোনো ব্যবস্থা ছিল কি না? সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে কোনো যোগসাজশ ছিল কি না? অতীতেও এ ধরনের লেনদেন হয়েছে কি না?
দুদকের উচিত এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করা। সার্ভেয়ারের বক্তব্যকে যেমন প্রমাণিত সত্য ধরে নেওয়া যাবে না, তেমনি তদন্ত ছাড়াই উপেক্ষাও করা যাবে না। সংশ্লিষ্ট এসিল্যান্ডসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা, আর্থিক লেনদেন, যোগাযোগ এবং দাপ্তরিক নথি অনুসন্ধান করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে পদমর্যাদা নির্বিশেষে সবাইকে আইনের আওতায় আনতে হবে।
দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালিয়ে শুধু নিম্নপদস্থ কর্মচারীকে আটক করলেই এ সমস্যার সমাধান হয়ে যাবে না। দুর্নীতির মূল পরিকল্পনাকারী ও সুবিধাভোগীরা যদি আড়ালে থেকে যান, তাহলে একই অপরাধ বারবার সংগঠিত হতে থাকবে।
সরকারি সেবার নামে এত টাকা কেন?
ভূমি মন্ত্রণালয় বিভিন্ন ভূমিসেবার জন্য নির্ধারিত ফি প্রকাশ করেছে। ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি সরকার ভূমি অফিসগুলোতে এসব ফি দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেয়। প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, নামজারির জন্য কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন বা হালনাগাদ ফি ১ হাজার টাকা এবং খতিয়ানের কপি সরবরাহের ফি ১০০ টাকা। এ হিসাবে মোট ১ হাজার ১৭০ টাকা। মৌজা ম্যাপের নির্ধারিত মূল্য ৫৪৫ টাকা। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার সুযোগ আইনত নেই।
কিন্তু প্রশ্ন হলো, সরকারি ফি যেখানে হাজার টাকার আশপাশে, সেখানে একটি ভূমিসেবা সম্পন্ন করার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ ওঠে কীভাবে? এটি শুধু অর্থের অঙ্কের প্রশ্ন নয়; বরং সরকারি সেবাব্যবস্থার ওপর নাগরিকের আস্থার প্রশ্ন। [তথ্যসূত্র: বাসস, ২৬ ফেব্রুয়ারি ২০২৬]
ডিজিটাল ভূমিসেবা থাকলেও দুর্নীতি কেন?
সরকার অনলাইন নামজারি, ই-পর্চা, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ডিজিটাল নথি ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে। ভূমি মন্ত্রণালয়ের ই-মিউটেশন ব্যবস্থায় আবেদন থেকে তদন্ত, শুনানি ও চূড়ান্ত অনুমোদন পর্যন্ত বিভিন্ন ধাপের সময়সীমাও নির্ধারিত রয়েছে।
এ ছাড়া ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধ, মোবাইলে এসএমএসের মাধ্যমে আবেদনের অগ্রগতি জানা এবং ১৬১২২ নম্বরে অভিযোগ জানানোর ব্যবস্থা রয়েছে। ২০২৬ সালের এপ্রিলে জাতীয় সংসদে ভূমিমন্ত্রীও এসব উদ্যোগের কথা তুলে ধরেছিলেন।
কিন্তু প্রযুক্তি চালু করলেই দুর্নীতি নির্মূল হয় না। অনলাইনে আবেদন করার পর যদি মাঠপর্যায়ের তদন্ত, সার্ভেয়ারের প্রতিবেদন, নথি যাচাই কিংবা অনুমোদনের পর্যায়ে অনিয়ম থাকে, তাহলে ডিজিটাল ব্যবস্থার সুফল নাগরিকের কাছে পৌঁছাবে না। প্রযুক্তির পাশাপাশি প্রয়োজন স্বচ্ছতা, দক্ষতা এবং জবাবদিহি।
ভূমি প্রশাসনে যেসব সংস্কার জরুরি
প্রথমত, প্রতিটি ভূমিসেবার জন্য নির্ধারিত সময়সীমা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। কোনো আবেদন অযৌক্তিকভাবে আটকে রাখলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জবাবদিহির আওতায় আনতে হবে।
দ্বিতীয়ত, সার্ভেয়ারদের মাঠপর্যায়ের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। জমি পরিমাপের সময় সংশ্লিষ্ট পক্ষগুলোকে নোটিশ দিতে হবে। পরিমাপের প্রতিবেদন, স্কেচম্যাপ ও সীমানা নির্ধারণের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করতে হবে। প্রয়োজনে জিপিএস, ড্রোন ও আধুনিক জরিপ প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
তৃতীয়ত, ভূমি অফিসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত সম্পদ ও আয়-ব্যয়ের তথ্য পর্যালোচনা করতে হবে। দায়িত্বের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেলে যথাযথ তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
চতুর্থত, প্রতিটি ভূমি অফিসে অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা রাখতে হবে। অভিযোগকারীর পরিচয় ও নিরাপত্তা সুরক্ষিত রাখতে হবে। কোনো কর্মকর্তা যেন অভিযোগকারীর বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণ করতে না পারেন, তা নিশ্চিত করতে হবে।
পঞ্চমত, ভূমি প্রশাসনে দালালচক্রের প্রবেশ বন্ধ করতে হবে। সরকারি অফিসে কারা সেবাগ্রহীতার সঙ্গে যোগাযোগ করছেন, কারা আবেদন গ্রহণ বা নথি সরবরাহ করছেন, তা নজরদারিতে রাখতে হবে। একই সঙ্গে সৎ ও দক্ষ কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কৃত করতে হবে।
জনগণের সম্পত্তির অধিকার রক্ষায় রাষ্ট্রকে দায়িত্বশীল হতে হবে
ভূমি নিয়ে দুর্নীতি শুধু অর্থনৈতিক অপরাধ নয়; এটি মানুষের মৌলিক সম্পত্তির অধিকার, সামাজিক নিরাপত্তা এবং ন্যায়বিচারের সঙ্গে সম্পর্কিত। একজন নাগরিক নিজের বৈধ জমির সীমানা নির্ধারণ করতে গিয়ে যদি ছয় মাস ঘোরেন এবং শেষ পর্যন্ত বিপুল অঙ্কের ঘুষের দাবির মুখোমুখি হন, তাহলে রাষ্ট্রের সেবাব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়।
গভীর উদ্বেগের বিষয় হলো, ভূমি অফিসের দুর্নীতির কারণে অনেক মানুষ জমি নিয়ে বিরোধ, মামলা-মোকদ্দমা, দখলদারি ও পারিবারিক সংঘাতের শিকার হন। কোথাও জাল দলিল, কোথাও ভুল খতিয়ান, কোথাও সীমানা নিয়ে বিরোধ—এসব সমস্যার সমাধানে প্রশাসনিক স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
লালবাগের ঘটনাটি তাই একটি বিচ্ছিন্ন ঘুষের মামলা হিসেবে বিবেচনা না করে ভূমি প্রশাসনের সামগ্রিক সংস্কারের সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত। দুদককে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে। ভূমি মন্ত্রণালয়কে দেশের অন্যান্য ভূমি অফিসেও অনিয়মের চিত্র অনুসন্ধান করতে হবে। প্রয়োজনে দুর্নীতিপ্রবণ কার্যালয়গুলোতে বিশেষ নিরীক্ষা ও শুদ্ধি অভিযান পরিচালনা করতে হবে।
আমরা এমন একটি ভূমি প্রশাসন চাই, যেখানে জমির মালিককে নিজের বৈধ অধিকার প্রতিষ্ঠার জন্য ঘুষ দিতে হবে না, কোনো কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত অনুগ্রহ চাইতে হবে না। ভূমিসেবা হবে সহজ, স্বচ্ছ, দ্রুত ও নাগরিকবান্ধব।
ভূমি অফিস জনগণের সেবাকেন্দ্র, কোনো কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত উপার্জনের ক্ষেত্র নয়। দুর্নীতির শিকড় যত গভীরেই থাকুক, তা উপড়ে ফেলতে হবে। কারণ, ভূমি প্রশাসনে দুর্নীতি বন্ধ করা শুধু প্রশাসনিক সংস্কার নয়; এটি জনগণের অধিকার, রাষ্ট্রের মর্যাদা এবং আইনের শাসন প্রতিষ্ঠার অপরিহার্য শর্ত।