ইংরেজি সাহিত্যের মর্যাদাপূর্ণ বুকার প্রাইজ ২০২৬ জিতেছেন ব্রিটিশ ঔপন্যাসিক এম জন হ্যারিসন। ৮১ বছর বয়সে এই পুরস্কার অর্জনের মধ্য দিয়ে বুকারজয়ীদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে সম্মাননাটি পাওয়ার রেকর্ড গড়েছেন তিনি। তাঁর এই অর্জনে বিশেষভাবে আলোচনায় এসেছে বিজ্ঞান কল্পকাহিনি বা সায়েন্স ফিকশন সাহিত্যও।
সোমবার (৯ নভেম্বর) রাতে যুক্তরাজ্যের লন্ডনে ঐতিহাসিক ওল্ড বিলিংসগেট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এবারের বিজয়ী হিসেবে হ্যারিসনের নাম ঘোষণা করা হয়। পুরস্কার হিসেবে তিনি পাচ্ছেন ৫০ হাজার পাউন্ড, যা মার্কিন মুদ্রায় প্রায় ৬৭ হাজার ডলার।
হ্যারিসনের পুরস্কারজয়ী উপন্যাসের নাম ‘দ্য অ্যান্ড অব এভরিথিং’ (The End of Everything)। রহস্য, কল্পবিজ্ঞান ও সামাজিক বাস্তবতার মিশেলে রচিত বইটি উত্তর-অ্যালপাইন পটভূমিতে নির্মিত এক ব্যতিক্রমী সাহিত্যকর্ম।
এ বছর বুকার পুরস্কারের বিচারকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন করেন ইতিহাসবিদ মেরি বিয়ার্ড। পাঁচ সদস্যের বিচারক প্যানেলে আরও ছিলেন লেখক রেমন অ্যান্টি বডি, প্যাট্রিসিয়া লকউড, সাহিত্য সমালোচক রেবেকা লিউ এবং ব্রিটিশ রক ব্যান্ড পাল্পের প্রধান গায়ক জার্ভিস ককার।
বিজয়ী উপন্যাসে রহস্যময় এক জগতের গল্প
১৯৮ পৃষ্ঠার উপন্যাসটির কাহিনি আবর্তিত হয়েছে অদূর ভবিষ্যতের ইংল্যান্ডের কাল্পনিক উপকূলীয় শহর ডালস্টন-অন-সিকে ঘিরে। সেখানে ‘আইগেটি’ (iGhetti) নামের এক রহস্যময় প্রজাতির আবির্ভাব ঘটে। তাদের প্রকৃত পরিচয় ও উৎস নিয়ে গল্পে কিছুটা অনিশ্চয়তা রাখা হয়েছে।
বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারিসন জানিয়েছেন, ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দা তাঁকে উপন্যাসটির কাহিনি নির্মাণে অনুপ্রাণিত করেছে।
এবারের চূড়ান্ত তালিকায় থাকা ছয়টি বইয়ের মধ্যে পৃষ্ঠাসংখ্যার দিক থেকে এটিই ছিল সবচেয়ে ছোট। বুকার বিচারকদের মূল্যায়নে, বইটিকে থ্রিলার, রহস্যকাহিনি, সামাজিক ব্যঙ্গ, ডিস্টোপিয়ান কিংবা বাস্তবধর্মী উপন্যাস—বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পাঠ করা সম্ভব। মানুষের জীবন ও পারস্পরিক সম্পর্কের বিচিত্র দিক এখানে তুলে ধরা হয়েছে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে।
সায়েন্স ফিকশনের জন্য বিশেষ অর্জন
পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিজ্ঞান কল্পকাহিনি নিয়ে কাজ করছেন এম জন হ্যারিসন। তাঁর এই জয়কে বুকার পুরস্কারের ইতিহাসে সায়েন্স ফিকশন ধারার জন্য একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে বিবেচনা করছেন সাহিত্য সমালোচকেরা।
এর আগে ২০২৪ সালে সামান্থা হার্ভির মহাকাশ স্টেশনকেন্দ্রিক উপন্যাস ‘অরবিটাল’ বুকার পুরস্কার অর্জন করেছিল। তবে বইটিকে প্রচলিত অর্থে বিশুদ্ধ বিজ্ঞান কল্পকাহিনি হিসেবে বিবেচনা করা নিয়ে সাহিত্যাঙ্গনে মতভেদ ছিল। সে বিবেচনায় হ্যারিসনের এবারের জয় সায়েন্স ফিকশন সাহিত্যের জন্য আরও সুস্পষ্ট স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কৌতুকের সুরে হ্যারিসন বলেন, জীবন বদলে যাওয়ার বিষয়টি মানুষ সহজভাবে আলোচনা করলেও বাস্তবে এমন কিছু ঘটলে অনুভূতিটা বেশ অদ্ভুত। তাঁর ভাষায়, এত দিন পর নিজেকে একজন প্রকৃত লেখক মনে হচ্ছে, যদিও নিজের প্রতি আত্মবিশ্বাসের ঘাটতি তাঁর মধ্যে বরাবরই ছিল।
ফেভারিটদের পেছনে ফেলে জয়
এবারের বুকার পুরস্কারের দৌড়ে হ্যারিসনকে পেছনে ফেলতে হয়েছে আলোচনায় এগিয়ে থাকা দুই সাবেক বিজয়ী লেখককে। তাঁরা হলেন মারলন জেমস, তাঁর উপন্যাস ‘দ্য ডিসঅ্যাপিয়ারার্স’ (The Disappearers) এবং ডগলাস স্টুয়ার্ট, তাঁর বই ‘জন অব জন’ (John of John) নিয়ে প্রতিযোগিতায় ছিলেন।
গত সেপ্টেম্বরে জমা পড়া ১৬৩টি বই থেকে প্রথমে ১৩টি উপন্যাসের দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে সেখান থেকে বাছাই করে ছয়টি বইকে চূড়ান্ত তালিকায় রাখা হয়। অন্য তিনটি উপন্যাস ছিল লুক কেনার্ডের ‘ব্ল্যাক ব্যাগ’, এলিজাবেথ স্ট্রাউটের ‘দ্য থিংস উই নেভার সে’ এবং রেবেকা পেরির ‘মে উই ফিড দ্য কিং’।
চূড়ান্ত তালিকাভুক্ত বইগুলোর অন্যতম প্রধান বিষয় ছিল মানুষের মধ্যে দূরত্ব তৈরি হওয়া এবং সেই বিচ্ছিন্নতা কাটিয়ে পারস্পরিক যোগাযোগ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা।
বুকার পুরস্কারে বয়সের নতুন রেকর্ড
১৯৬৯ সালে যাত্রা শুরু করা বুকার পুরস্কার প্রথমদিকে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর লেখকদের জন্য নির্ধারিত ছিল। তবে ২০১৪ সালে নিয়মে পরিবর্তন আনা হয়। এরপর থেকে লেখকের জাতীয়তা বিবেচনায় না নিয়ে যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত যেকোনো ইংরেজি উপন্যাস এই পুরস্কারের জন্য বিবেচিত হওয়ার সুযোগ পায়।
৮১ বছর বয়সে বুকার জয়ের মধ্য দিয়ে হ্যারিসন ভেঙেছেন কানাডীয় লেখিকা মার্গারেট অ্যাটউডের আগের রেকর্ড। ২০১৯ সালে ‘দ্য টেস্টামেন্টস’ উপন্যাসের জন্য যৌথভাবে বুকার পাওয়ার সময় অ্যাটউডের বয়স ছিল ৭৯ বছর।
এর আগে ২০২৫ সালে ডেভিড স্যালির ‘ফ্লেশ’ (Flesh) উপন্যাস বুকার পুরস্কার অর্জন করে। বিশ্বসাহিত্যে এই পুরস্কারজয়ীদের তালিকায় আরও রয়েছেন সালমান রুশদি, উইলিয়াম গোল্ডিং, ইয়ান ম্যাকইউয়ান, অরুন্ধতী রায় ও কাজুও ইশিগুরোর মতো খ্যাতিমান সাহিত্যিক।
এবারের আসরে এম জন হ্যারিসনের জয় শুধু তাঁর দীর্ঘ সাহিত্যজীবনের স্বীকৃতি নয়, বরং বুকারের মূলধারায় বিজ্ঞান কল্পকাহিনির অবস্থান নিয়েও নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে।