হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আবেদ আলী নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুই হাজার ফুট পাইপ ও একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর ও তেগোরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আবেদ আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি জগদীশপুর ইউনিয়নের কাটুরা গ্রামের মৃত সায়েব আলীর ছেলে।
এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় দুই হাজার ফুট পাইপ ও একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং মাধবপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।