যান্ত্রিকতার এই যুগে হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে অন্যতম লাটিম। আধুনিক প্রযুক্তির প্রভাবের মধ্যেও চট্টগ্রাম নগরীর ডিসি হিল পার্কে লাটিম খেলায় মেতে উঠেছে কয়েকজন শিশু-কিশোর। তাদের এমন খেলায় মুগ্ধতা প্রকাশ করেছেন পার্কে ঘুরতে আসা দর্শনার্থীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম নগরীর ডিসি হিল পার্কে শিশু-কিশোরদের ঐতিহ্যবাহী লাটিম খেলায় মেতে থাকতে দেখা যায়। একসময় গ্রামবাংলার শিশুদের কাছে বেশ জনপ্রিয় এই খেলাটি এখন অনেকটাই হারিয়ে যেতে বসেছে।
বর্তমানে শিশু-কিশোরদের মধ্যে স্মার্টফোন ও বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ব্যবহার বাড়ছে। ফলে শারীরিক খেলাধুলা ও বিনোদনের প্রতি আগ্রহ কমে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ রয়েছে সচেতন মহলে।
সংশ্লিষ্টদের মতে, শিশুদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে ঐতিহ্যবাহী খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই লাটিমসহ গ্রামীণ খেলাগুলো নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে নিয়মিত প্রতিযোগিতা ও আয়োজন করা প্রয়োজন।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ক্রীড়া সংগঠনগুলোর উদ্যোগে হারিয়ে যেতে বসা এসব ঐতিহ্যবাহী খেলা আবারও ফিরে আসবে শিশু-কিশোরদের আনন্দময় শৈশবে।