বগুড়ার শেরপুরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান (আরআরএমইপি) প্রকল্পের আওতায় ইউনিয়নভিত্তিক সড়ক রক্ষণাবেক্ষণ কাজে ১০০ নারী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রকাশ্য লটারির মাধ্যমে তাঁদের নির্বাচন করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) শেরপুর উপজেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ নিয়োগ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মো. সাইদুজ্জামান হিমু। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মজিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম, পিয়ার উদ্দিন, তবিবর রহমান, নুর মোহাম্মদ, নাজির উদ্দিন ও মাজেদুর রহমান মিলনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়ন থেকে সড়ক রক্ষণাবেক্ষণ কাজে অংশ নিতে মোট ২৯৯টি আবেদন জমা পড়ে। আবেদনকারীদের মধ্য থেকে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে প্রতিটি ইউনিয়নে ১০ জন করে মোট ১০০ জন নারী কর্মী নির্বাচন করা হয়। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে ১০ জন করে অপেক্ষমাণ প্রার্থীও নির্বাচন করা হয়েছে।
এ প্রকল্পের মাধ্যমে একদিকে গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও স্থায়িত্ব নিশ্চিত করা, অন্যদিকে গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়োগ কার্যক্রমে উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সার্বিক সহযোগিতা করেন।