স্মার্টফোন ব্যবহার করে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই অনেকে সাংবাদিক পরিচয় দিচ্ছেন বলে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তাঁর অভিযোগ, ভুয়া সাংবাদিকদের কারণে পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর কাছে সম্পূরক প্রশ্ন উত্থাপনকালে তিনি এ উদ্বেগের কথা জানান।
বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন, উপজেলা, পৌরসভা ও জেলা পর্যায়ে স্মার্টফোন হাতে নিয়েই অনেকে সাংবাদিক পরিচয় দিচ্ছেন। তাঁদের কারও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও নেই। এভাবে ভুয়া সাংবাদিক পরিচয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার কারণে প্রকৃত সাংবাদিকদের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, ভুয়া পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আইডি খুলে অপপ্রচার চালানো হচ্ছে, যা সরকারের জন্যও ক্ষতিকর। প্রকৃত সাংবাদিকদের মর্যাদা রক্ষায় ভুয়া সাংবাদিকদের শনাক্ত করে তালিকা প্রণয়ন এবং একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির বিষয়ে সরকারের উদ্যোগ জানতে চান তিনি।
জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বিষয়টিকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, অপসাংবাদিকতা ও ভুয়া তথ্য প্রচারের কারণে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তিনি জানান, এ সমস্যা মোকাবিলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে। এ বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে আলোচনা ও মতবিনিময় চলছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, কে কোন পেশায় যুক্ত হবেন বা কীভাবে বক্তব্য প্রকাশ করবেন, তা সরকার নির্ধারণ করে দেওয়া সমীচীন নয়। সরকার বাকস্বাধীনতায় বিশ্বাস করে। তবে সাংবাদিক সংগঠনগুলোর মতামত ও পরামর্শের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
কারা সাংবাদিক হিসেবে বিবেচিত হবেন, সে বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাবনা এলে তা বাস্তবায়নের ক্ষেত্রে সহায়ক হবে বলেও জানান তিনি।
সংসদে প্রতিমন্ত্রী বলেন, বস্তুনিষ্ঠ ও নির্ভুল তথ্য প্রচার নিশ্চিত করা এবং পেশাদার সাংবাদিকতাকে উৎসাহিত করতে সরকার কাজ করে যাচ্ছে।