দেশের তরুণ-তরুণীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে ৬৪ জেলায় বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন ১৮ থেকে ৩৫ বছর বয়সী আগ্রহী তরুণ-তরুণীরা।
যুব উন্নয়ন অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের’ তৃতীয় ব্যাচের কার্যক্রম শুরু হবে আগামী ১ ডিসেম্বর। প্রশিক্ষণ চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন ছয় ঘণ্টা করে মোট ৫০ দিনে ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদের ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন। আবেদনকারীদের মধ্যে যাঁদের কম্পিউটার, আইসিটি ও ইংরেজি ভাষায় দক্ষতা রয়েছে, তাঁদের নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের নিয়ম ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটে:
http://www.dzaiproject.com/apply
আবেদন জমা দেওয়ার পর আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের তথ্য এসএমএসের মাধ্যমে জানানো হবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৮ নভেম্বর লিখিত পরীক্ষা এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৩০ নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি এ নির্বাচন কার্যক্রম পরিচালনা করবে।
প্রশিক্ষণে যেসব সুবিধা থাকছে
এ প্রশিক্ষণে অংশ নিতে কোনো ধরনের ভর্তি বা প্রশিক্ষণ ফি দিতে হবে না। বরং অনাবাসিক প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা পাবেন। পাশাপাশি প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন খাবারের ব্যবস্থাও থাকবে। নির্ধারিত শর্ত পূরণ করে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের সনদ দেওয়া হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তরুণদের এআই প্রযুক্তি সম্পর্কে মৌলিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।