শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য ব্যয়ের চাপ কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আজ শুক্রবার (১৩ নভেম্বর) থেকে নির্ধারিত কয়েকটি এলাকায় ট্রাকের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হচ্ছে।
প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগর ও ঢাকা জেলার বিভিন্ন এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগরসহ জেলার অন্যান্য এলাকায় এ কার্যক্রম পরিচালিত হবে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত নির্ধারিত ট্রাক থেকে চাল সংগ্রহ করতে পারবেন শ্রমিকেরা। তবে চাল বিক্রি নির্ভর করবে মজুতের ওপর।
এ কর্মসূচিতে একজন পোশাকশ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। চাল কেনার সময় সংশ্লিষ্ট শ্রমিককে নিজের গার্মেন্টস প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের মাস্টার রোলে স্বাক্ষর নেওয়ার মাধ্যমে বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
খাদ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় পরিচালিত এ কর্মসূচিতে প্রাথমিকভাবে ৭৫টি ট্রাক নিয়োজিত থাকবে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল বিক্রির জন্য বরাদ্দ রাখা হয়েছে।
প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, তিন মাস ধরে চলবে বিশেষ এই ওএমএস কার্যক্রম। কর্মসূচির স্বচ্ছতা ও সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিমও গঠন করা হয়েছে।
সরকারের এই উদ্যোগের ফলে নির্ধারিত এলাকার তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা তুলনামূলক কম দামে চাল কিনে পরিবারের খাদ্য ব্যয় কিছুটা কমাতে পারবেন বলে আশা করা হচ্ছে।