বিশ্বজুড়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের নিয়ে প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রথমবারের মতো এই আন্তর্জাতিক প্রকাশনায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়েছে। তাঁকে রাখা হয়েছে রাজনৈতিক বিভাগে।
সম্প্রতি জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসএসসি) প্রকাশ করেছে ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস, ২০২৭’ শীর্ষক গ্রন্থটি। প্রকাশনাটিতে তারেক রহমানের রাজনৈতিক পরিচিতি ও জীবনবৃত্তান্ত তুলে ধরা হয়েছে।
গ্রন্থটির ১৬৬ নম্বর পৃষ্ঠায় এশিয়া অঞ্চলের বাংলাদেশ অংশে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন সংযোজন বোঝাতে নামের পাশে ‘নিউ’ শব্দটিও উল্লেখ রয়েছে।
প্রকাশনায় তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে।
গ্রন্থে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। পরবর্তী সময়ে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এরপর ১৭ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
‘দ্য মুসলিম ৫০০’-এ শীর্ষ ৫০ প্রভাবশালী ব্যক্তিত্বের নাম ক্রমানুসারে প্রকাশ করা হয়েছে। অন্যদিকে, অবশিষ্ট ব্যক্তিদের প্রভাবের ধরন অনুযায়ী বিভিন্ন বিভাগে স্থান দেওয়া হয়েছে। তারেক রহমানকে রাজনৈতিক বিভাগে রাখা হলেও তাঁর নামের পাশে নির্দিষ্ট কোনো ক্রমিক অবস্থান উল্লেখ করা হয়নি।
প্রকাশনাটির ভূমিকায় জানানো হয়েছে, সামাজিক সূচক, জনমত এবং বিশেষজ্ঞদের মতামত বিশ্লেষণ করে ব্যক্তিদের প্রভাবের মাত্রা বিবেচনায় তালিকাটি প্রস্তুত করা হয়। তবে এই তালিকায় কোনো ব্যক্তির অন্তর্ভুক্তি তাঁর মতামত, আদর্শ বা অবস্থানের প্রতি প্রকাশকদের সমর্থন কিংবা অনুমোদন হিসেবে বিবেচিত হবে না।