পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদলের অংশ হিসেবে গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপারসহ পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং পুলিশের বিশেষ শাখায় (এসবি) দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলি ও পদায়নের সিদ্ধান্ত জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে দেওয়া হয়েছে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দায়িত্ব।
অন্যদিকে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মাসুদ করিমকে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
গোপালগঞ্জে সাম্প্রতিক কয়েক দিনের নাশকতার ঘটনার প্রেক্ষাপটে জেলার পুলিশ সুপার পরিবর্তনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।