মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরুর বিষয়ে নতুন সময়সূচি জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তাঁর ঘোষণা অনুযায়ী, চলতি নভেম্বর মাসের শেষ দিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হতে পারে। একই সঙ্গে আগামীকাল সোমবার মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হবে।
রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
সংসদে ওই সদস্য মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নির্দিষ্ট সময়সীমা জানতে চান। পাশাপাশি মেডিকেল সিন্ডিকেটের অভিযোগ এবং সরকারি নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকা অভিবাসন ব্যয়ের বিপরীতে বাজারে ৭ থেকে ৮ লাখ টাকা নেওয়ার বিষয়টি তুলে ধরেন। এসব অনিয়ম তদারকির জন্য পৃথক সংসদীয় কমিটি গঠনের প্রস্তাবও দেন তিনি।
জবাবে স্পিকারের মাধ্যমে সংসদকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা আগামীকাল সোমবার প্রকাশ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, চলতি নভেম্বর মাসের শেষ দিকেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে।
অভিবাসন ব্যয়ের বিষয়ে মন্ত্রী বলেন, মালয়েশিয়া যাওয়ার জন্য সরকার ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে। এই নির্ধারিত ব্যয়ের বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে কিংবা কোনো ধরনের অনিয়মে জড়িত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।