গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে প্রস্তুত রাখা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)।
সোমবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদে বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবির পাঠানো বার্তায় জানানো হয়, দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের আওতায় রাখতে মোতায়েন করা অধিকাংশ সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের সরাসরি ভিডিও চিত্র সংগ্রহ করা হচ্ছে
এ ছাড়া বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী দ্রুত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যেই এই প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে তাঁরা নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সাধারণ মানুষের জানমাল রক্ষায় কাজ করছেন
বিজিবি জানিয়েছে, দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্যের সঙ্গে কাজ করছেন। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কর্মকাণ্ড যেন কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতেও বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। সরকারের অর্পিত যেকোনো দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনে বাহিনীটি বদ্ধপরিকর।